logo

টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। গরম আর মিরপুরের পরিচিত উইকেটের চাইতে ভিন্নধর্মী উইকেটে শুরু হতে যাচ্ছে দুই দলের লড়াই।

টসের পর কিউই অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘আমরা ব্যাটিং করব। উইকেটটা ভালো মনে হচ্ছে, একটু শুকনো… দিনে খেলা হওয়ায় পরে কিছুটা ধীর হয়ে যেতে পারে।’

তিনি আরও যোগ করেন,  ‘এটা আমাদের জন্য দারুণ সুযোগ… নতুনদের জন্য এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ। যত বেশি ম্যাচ খেলবে, ততই দল শক্তিশালী হবে।’

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশ্য বোলিং করতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি আগে বল করতে চাইতাম, কারণ এটা নতুন উইকেট… তবে দেখতে ভালো লাগছে। আমরা যদি ভালো বল করতে পারি, তাহলে ভালো অবস্থানে থাকব।’

পাকিস্তান সিরিজের পারফরম্যান্সের কথাও মনে করিয়ে দেন মিরাজ, ‘ওই সিরিজে আমাদের বোলাররা দারুণ করেছে, বিশেষ করে পেস ইউনিট। এখন আমাদের আক্রমণ বেশ শক্তিশালী।’

উইকেট নিয়ে প্রাথমিক বিশ্লেষণেও এসেছে ভিন্ন চিত্র। সাধারণত মিরপুরের ধীরগতির উইকেটের বদলে এবার দেখা যাচ্ছে কিছুটা গতি ও বাউন্স। এতে পেসাররা সুবিধা পেতে পারেন, তবে ব্যাটিংয়ের জন্যও খারাপ নয়।

একটি বড় বিষয় হতে পারে বাউন্ডারির মাপ। মাঠের এক পাশে বাউন্ডারি তুলনামূলক ছোট, যা পাওয়ারপ্লে ও শেষ দিকে ব্যাটারদের লক্ষ্য হতে পারে। 

বাংলাদেশ একাদশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা 

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।