ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর
-e2996b.webp)
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান। ডান হাতের চোট থেকে সেরে উঠতে না পারায় হেডিংলিতে প্রথম টেস্টে খেলতে পারবেন না অধিনায়ক বাবর আজম। তার অনুপস্থিতিতে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা।
বুধবার লিডসে শুরু হবে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। ম্যাচের আগের দিন বাবরের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধান কোচ সরফরাজ আহমেদ।
তিনি বলেন, ‘পাকিস্তানের অধিনায়ক বাবর আজম প্রথম টেস্টে খেলতে পারবেন না। প্রথম টেস্টে অধিনায়কত্ব করবেন সালমান আগা।’
ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ডান হাতে নতুন করে আঘাত পান বাবর। বেকেনহামে কাউন্টি সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচে ব্যাটিংয়ের সময় বল তার হাতে লাগে। এরপর সতর্কতা হিসেবে তাকে আর ব্যাটিং চালিয়ে যেতে দেওয়া হয়নি।
একই হাতে আগে থেকেই চোট ছিল বাবরের। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও আঘাত পেয়েছিলেন তিনি। পুরোপুরি সেরে ওঠার আগেই প্রস্তুতি ম্যাচে আবার একই জায়গায় বল লাগায় প্রথম টেস্টে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়।
সোমবার অনুশীলনে অবশ্য ব্যাটিং করেছিলেন বাবর। কিছু থ্রোডাউন নেওয়ার পাশাপাশি নেটে ব্যাটিং করায় প্রথম টেস্টে তার খেলার আশা ছিল পাকিস্তানের। পেসার মোহাম্মদ আব্বাসও জানিয়েছিলেন, বাবরের ব্যাপারে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
শেষ পর্যন্ত ম্যাচের আগের দিনই তাকে না খেলানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বর্তমানে তার চোট পর্যবেক্ষণ করছে দলের চিকিৎসক বিভাগ। দ্বিতীয় টেস্টে তাকে ফেরানোর আশা রয়েছে পাকিস্তানের।
বাবরের ছিটকে যাওয়ায় অধিনায়ক হিসেবে নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে সালমান আগার। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম টেস্টে অধিনায়কত্ব করবেন এই অলরাউন্ডার।
ইংল্যান্ড সফরের আগে ওয়েস্ট ইন্ডিজেও পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন বাবর। জুলাইয়ে শান মাসুদের জায়গায় আবার টেস্ট অধিনায়ক করা হয়েছিল তাকে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও তার নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
তবে সিরিজের শুরুতেই বাবরকে হারানো পাকিস্তানের জন্য বড় ধাক্কা। এখন হেডিংলিতে অধিনায়কত্বের পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ ব্যাটারটির অনুপস্থিতিও সামলাতে হবে সালমান আগাদের।



-2a3f9e.webp)