অনলাইনে মিলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট, ২০০ টাকা থেকে দাম শুরু

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে। টিকিট পাওয়া যাবে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট gobcbticket এর মাধ্যমে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে পুরো টিকিট বিক্রির প্রক্রিয়া অনলাইনভিত্তিক রাখা হয়েছে।
মিরপুরের ঢাকা শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টিকিটের দাম শুরু হয়েছে ২০০ টাকা থেকে, যা সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ২৫০০ টাকা, আন্তর্জাতিক গ্যালারির বিভিন্ন ব্লকে ১৫০০ টাকা। ক্লাব হাউসের টিকিট ৬০০ টাকা এবং সাধারণ গ্যালারির টিকিট ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে রাখা হয়েছে।
অন্যদিকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামেও একইভাবে সর্বোচ্চ টিকিট মূল্য ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এখানে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ সিট ২৫০০ টাকা, শহীদ স্ট্যান্ড ৬০০ টাকা এবং গ্যালারির টিকিট ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাবে।
১৭ এপ্রিল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। একই ভেন্যুতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দু’দল।
ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের সময়ে পরিবর্তন আনা হয়েছে। চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল সিরিজের প্রথম দুই ম্যাচ শুরুর সময় ছিল সন্ধ্যা ৬টায়। নতুন সময় অনুযায়ী প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, যা শেষ হবে বিকেল ৫টা ১০ মিনিট।
মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ আগের থেকেই দুপুর ২টায় শুরু হবার কথা ছিল। ওই ম্যাচের সময়ে কোনো পরিবর্তন আনা হয়নি।