অর্থ বিভাগের দায়িত্বে ফিরলেন বিতর্কিত বিসিবি পরিচালক নাজমুল

বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও ফের সেই পদে ফিরলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। শনিবার অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তাকে আবারও অর্থ বিভাগের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত থাকার পর নাজমুল ইসলাম নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, অর্থ কমিটির দায়িত্ব আবার তার হাতে তুলে দেওয়া হয়েছে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, নাজমুল ইসলামের বিরুদ্ধে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব শৃঙ্খলা বিভাগের কাছে জমা দেওয়া হয়েছিল এবং সেই ব্যাখ্যাকে সন্তোষজনক হিসেবে বিবেচনা করা হয়েছে। তার ভাষায়, ‘বোর্ডের পক্ষ থেকে যে জবাবদিহির নোটিশ দেওয়া হয়েছিল, সেটার উত্তর তিনি শৃঙ্খলা বিভাগে পাঠিয়েছেন। শৃঙ্খলা বিভাগ জানিয়েছে, তার ব্যাখ্যা গ্রহণযোগ্য ছিল।’
এর আগে একাধিক বিতর্কিত মন্তব্যের কারণে ক্রিকেট মহলে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন এম নাজমুল ইসলাম। বিশেষ করে কয়েকজন জাতীয় দলের ক্রিকেটারকে নিয়ে করা মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা হয়। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের পক্ষ থেকেও তার পদত্যাগের দাবি ওঠে।
এই ঘটনার জেরে জানুয়ারির মাঝামাঝি সময়ে ক্রিকেটারদের বয়কটে একদিন বিপিএল স্থগিতও থাকে। পরিস্থিতি সামাল দিতে বিসিবি নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। বোর্ডের পক্ষ থেকে পরে জানানো হয়, সেই ব্যাখ্যা সময়মতো জমা দেওয়া হয়েছে।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত কোনো পরিচালককে সহজে অপসারণ করা যায় না। নির্দিষ্ট কিছু শর্ত—যেমন শৃঙ্খলাজনিত শাস্তি, দেউলিয়াত্ব, দীর্ঘ অনুপস্থিতি বা শারীরিক ও মানসিক অক্ষমতা—ছাড়া পরিচালকের পদ শূন্য ঘোষণা করার সুযোগ নেই।
সেই প্রেক্ষাপটে সাময়িক অব্যাহতির পর এবার আবার অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন এম নাজমুল ইসলাম।