logo
Advertisement

ডারউইনে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইতে দুঃস্বপ্নের পরাজয়

এশিয়া পোস্ট স্পোর্টস
ডারউইনে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইতে দুঃস্বপ্নের পরাজয়
ম্যাচে স্টার্কের তোপেই কুপোকাত টাইগাররা। ছবি: গেটি ইমেজ

ডারউইনে ইতিহাস গড়ার এক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ বিপরীত চিত্র বাংলাদেশের। ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটিং ব্যর্থতার চরম মূল্য দিয়ে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। মাত্র দুই দিনেই শেষ হওয়া এই হারে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ।

Advertisement

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হতে সময় লাগেনি।

ম্যাচের প্রথম বলেই সাদমান ইসলামকে ফেরান স্টার্ক। এরপর তানজিদ হাসান তামিম ও শান্তও শূন্য রানে বিদায় নেন। মুমিনুল হক করেন ৯ রান, লিটন দাসও খুলতে পারেননি রানের খাতা। একপর্যায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২ রানে ৫ উইকেট।

মুশফিকুর রহিম ৪২ বল খেলেও করতে পারেন মাত্র ৫ রান। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম করেন ১১ রান করে। শেষ দিকে শরিফুল ইসলামের ১৯ বলে ১৪ রানের ইনিংসে নিজেদের সর্বনিম্ন টেস্ট স্কোরের লজ্জা এড়ায় বাংলাদেশ। তারপরও ৩৪ ওভারে ৬৪ রানেই শেষ হয় প্রথম ইনিংস।

স্টার্ক ১০ ওভারে মাত্র ১২ রান দিয়ে নেন ৬ উইকেট। কামিন্সের শিকার ২৫ রানে ৩ উইকেট।

বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার পর বল হাতে একাই লড়াই চালিয়েছেন শরিফুল। তার দুর্দান্ত বোলিংয়ে ১৪৬ রানে ৭ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। তবে ক্যামেরন গ্রিন ও নাথান লায়নের প্রতিরোধে বড় লিড ঠিকই পেয়ে যায় স্বাগতিকেরা।

দ্বিতীয় দিনের সকালে গ্রিনকে ৬৭ রানে ফিরিয়ে সপ্তম উইকেট পূর্ণ করেন শরিফুল। শেষ পর্যন্ত ৪৮ রানে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী বাংলাদেশি বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। স্টিভ স্মিথ করেন ৪২ রান। ৩২ রানে অপরাজিত থাকেন লায়ন। অস্ট্রেলিয়ার ইনিংস থামে ২১০ রানে, তাদের লিড দাঁড়ায় ১৪৬।

দ্বিতীয় ইনিংসে নেমেও বদলায়নি বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র। দলীয় ৫ রানেই পরপর দুই বলে সাদমান ও মুমিনুলকে ফেরান স্টার্ক। কামিন্সের বলে তানজিদ বিদায় নিলে ২৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

শান্ত ও মুশফিক কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তবে ৩১ রান করা বাংলাদেশ অধিনায়ককে ফিরিয়ে সেই জুটি ভাঙেন লায়ন। এরপর আবার শুরু হয় উইকেটের মিছিল।

স্টার্কের বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে টানা তৃতীয় ইনিংসে শূন্য রানে ফেরেন লিটন। মিরাজ ১, হাসান মাহমুদ ২ ও তাইজুল ৭ রান করে আউট হন। এক প্রান্তে মুশফিক প্রতিরোধের চেষ্টা করলেও লেজের ব্যাটারদের নিয়ে পরাজয় এড়াতে পারেননি তিনি।

চা বিরতির পর মাত্র তিন বলেই বাংলাদেশের বাকি দুই উইকেট তুলে নিল অস্ট্রেলিয়া। নাথান লায়নের জোড়া আঘাতে ৯৫ রানেই শেষ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

বিরতির পর প্রথম বলেই তাসকিন আহমেদকে স্লিপে স্টিভ স্মিথের ক্যাচ বানান লায়ন। ১১ বলে ৮ রান করেন তাসকিন। এক বল পর শরিফুল ইসলামও লায়নের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিলে শেষ হয় ম্যাচ।

প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করতে পেরেছে ৯৫। অস্ট্রেলিয়ার ২১০ রানের জবাবে তাই ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ।

ডারউইনের প্রথম টেস্টে ৪২৬ রান করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়েছিল শান্তর দল। ম্যাকেতে সেই ব্যাটিং লাইনআপই দুই ইনিংসে মুখ থুবড়ে পড়ল।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ ড্র করার অর্জন থাকছে বাংলাদেশের। তবে শরিফুলের ঐতিহাসিক সাত উইকেটের পরও ব্যাটারদের ব্যর্থতায় হাতছাড়া হলো আরও বড় ইতিহাস গড়ার সুযোগ।

ডারউইনে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইতে দুঃস্বপ্নের পরাজয়