মিরপুরে বৃষ্টির পর ম্যাচ নেমে এলো ১৫ ওভারে

মিরপুরে বৃষ্টির বিরতির পর আবার শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের শেষ টি-টোয়েন্টি। মাঠ প্রস্তুতের কাজ শেষে জানানো হয়েছে, বিকেল ৪টা ৩০ মিনিটে খেলা পুনরায় শুরু হবে। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়িয়েছে ১৫ ওভারে।
ভারী বৃষ্টির কারণে বাংলাদেশ ইনিংসের ৬.৪ ওভারে খেলা বন্ধ হয়ে যায়। তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৫০ রান। ক্রিজে ছিলেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। লিটন ১৩ বলে ২৫ এবং হৃদয় ৫ বলে ২ রানে ব্যাট করছিলেন।
বৃষ্টির পর মিরপুরে দ্রুত আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। রোদ ওঠার পর আম্পায়াররা মাঠে নেমে গ্রাউন্ডসম্যান ও কিউরেটরের সঙ্গে কথা বলেন। ধীরে ধীরে কাভার সরানো হয় এবং সুপার সপার দিয়ে মাঠ শুকানোর কাজ শুরু হয়। তখনও আউটফিল্ডের কিছু জায়গায় ভেজা অংশ থাকায় আরও কিছু সময় অপেক্ষা করা হয়। শেষ পর্যন্ত মাঠ খেলার উপযোগী হওয়ায় ৪টা ৩০ মিনিটে ম্যাচ পুনরায় শুরুর সিদ্ধান্ত হয়। নতুন ম্যাচ কন্ডিশন অনুযায়ী একজন বোলার সর্বেোচ্চ ৩ ওভার করতে পারবেন।
এর আগে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুটা দ্রুত করলেও নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ। সাইফ হাসান ১১ বলে ১৬ রান করে জয়ডেন লেনক্সের বলে আউট হন। এরপর ন্যাথান স্মিথ টানা দুই বলে ফেরান তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনকে। তানজিদ ১০ বলে ৬ রান করে বোল্ড হন, ইমন ফেরেন ১ বলে কোনো রান না করে।
এক প্রান্তে আক্রমণাত্মক ছিলেন অধিনায়ক লিটন। বৃষ্টির আগে ১৩ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা। ম্যাচ ১৭ ওভারে নেমে আসায় এখন বাংলাদেশের লক্ষ্য থাকবে দ্রুত রান বাড়ানো, আর নিউজিল্যান্ড চাইবে ভেজা আবহ ও সিম সহায়ক পরিস্থিতি কাজে লাগাতে।