আচরণবিধি ভেঙে জরিমানার মুখে লিটন-মেহেদী

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও স্পিনার মেহেদী হাসানের বিরুদ্ধে আর্থিক জরিমানার সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি।
টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের বিরুদ্ধে বোর্ডকে না জানিয়ে চীন সফরের অভিযোগ ওঠে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একাদশে সুযোগ না পাওয়া নিয়ে প্রকাশ্যে টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছিলেন মেহেদী। দুটি ঘটনাকেই আচরণবিধির লঙ্ঘন হিসেবে দেখছে বিসিবি।
আলাদা শুনানিতে দুজনের বক্তব্য নিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। বিসিবি পরিচালক ও কমিটির সদস্য সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, লিটন ও মেহেদী নিজেদের ভুল মেনে নিয়েছেন। এরপরও আচরণবিধি ভাঙায় তাদের আর্থিক শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।
গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে চোট পান লিটন। সেই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে খেলতে পারেননি তিনি। ওয়ানডে সিরিজের জন্য জিম্বাবুয়ে গেলেও কোনো ম্যাচ না খেলেই দেশে ফেরেন।
চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই বিসিবিকে না জানিয়ে চীন সফরে যান লিটন। জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটার ও টি-টোয়েন্টি অধিনায়ক হয়েও বোর্ডকে অবহিত না করায় তার কাছে ব্যাখ্যা চায় ডিসিপ্লিনারি কমিটি।
মেহেদীর ঘটনা মাঠের বাইরের বক্তব্যকে ঘিরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামের টি-টোয়েন্টি সিরিজে একাদশ নির্বাচন নিয়ে সংবাদমাধ্যমের সামনে হতাশা প্রকাশ করেন তিনি। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়েও প্রকাশ্যে ক্ষোভ জানান এই স্পিনার। জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে বুধবার সন্ধ্যায় ডিসিপ্লিনারি কমিটির শুনানিতে উপস্থিত হন তিনি।
দুজনের জরিমানার পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি। তবে লিটনের তুলনায় মেহেদীর জন্য বেশি অঙ্কের জরিমানার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজউদ্দীন। বিসিবির অনুমোদন পাওয়ার পরই চূড়ান্ত অঙ্ক এবং শাস্তির বিস্তারিত জানা যাবে।
ডিসিপ্লিনারি কমিটির সদস্য আরও জানিয়েছেন, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে আলাদা সুবিধা দিতে চায় না বর্তমান বোর্ড। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা কিংবা পরিচালক, আচরণবিধি ভাঙলে প্রত্যেককেই জবাবদিহির আওতায় আনা হবে।
.png)





