logo

ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধাক্কা খেল স্বাগতিক শ্রীলঙ্কা। দলের তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে একাধিক গণমাধ্যম।

রোববার (৯ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে ইনজুরিতে পড়েন ২৮ বছর বয়সী এই লেগস্পিন অলরাউন্ডার। ওই ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স করে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন হাসারাঙ্গা এবং দলকে ২০ রানের জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ম্যাচের পর সোমবার তার এমআরআই স্ক্যান করা হলে বাম হ্যামস্ট্রিংয়ে গুরুতর টিয়ার ধরা পড়ে। যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ চিকিৎসকও রিপোর্ট মূল্যায়ন করে একই মত দেন। ফলে চলমান বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তার খেলা আর সম্ভব নয় বলে নিশ্চিত হওয়া গেছে।

হাসারাঙ্গার পরিবর্তে দলে আরেক স্পিনার দুশান হেমন্তকে নেওয়া হতে পারে বলে জানা গেছে।

এর আগে শ্রীলঙ্কা দলে আরেক ধাক্কা আসে ডানহাতি পেসার এশান মালিঙ্গার ইনজুরিতে ছিটকে যাওয়ার মধ্য দিয়ে। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টিবিরতির পর প্রথম বল করার সময় কাঁধে চোট পান মালিঙ্গা। ডেলিভারি শেষে নন-বোলিং কাঁধ চেপে ধরেই মাঠে লুটিয়ে পড়েন তিনি। এরপর সিরিজের তৃতীয় ম্যাচেও খেলতে পারেননি এই পেসার।

মালিঙ্গার বদলি হিসেবে প্রমোদ মধুশানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আইসিসি টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হয়েছে।

বিশ্বকাপের গ্রুপপর্বে শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ওমানের বিপক্ষে। এরপর ১৬ ফেব্রুয়ারি একই ভেন্যুতে অস্ট্রেলিয়া এবং ১৯ ফেব্রুয়ারি কলম্বোয় জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে তারা।

শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল জানিথ পেরেরা, চরিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, দুনিথ ভেলালাগে, মাহিশ থিকশানা, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা ও প্রমোদ মধুশান।