বৃষ্টির শঙ্কা থাকলেও সিলেট টেস্টে ফল দেখছেন মুশফিক

সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বড় আলোচনায় আবহাওয়া। বৃষ্টির পূর্বাভাস আছে, ম্যাচে বারবার বিরতি পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সবকিছুর পরও সিলেট টেস্ট থেকে ফল পাওয়া সম্ভব বলে মনে করছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের বিশ্বাস, আবহাওয়া একটু সহায়তা করলে এবং যতটুকু খেলা হবে তাতে বাংলাদেশ ইতিবাচক প্রভাব ফেলতে পারলে ম্যাচে ফল আসতে পারে।
সিলেট টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, বছরের এই সময়টায় বৃষ্টির শঙ্কা থাকাটাই স্বাভাবিক। মিরপুরে প্রথম টেস্টেও বৃষ্টি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে ফল এসেছে এটিকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি।
মুশফিকের ভাষায়, ‘ওয়েদার তো আসলে ডেফিনিটলি, এই যে সময় খেলা হচ্ছে, এটা আসলে আমাদের এখানে রেইনি সিজনই ধরে। লাকিলি আমরা মিরপুরে বৃষ্টি হওয়ার পরও একটা রেজাল্ট পেয়েছি, এটা আমাদের জন্য খুব ভালো একটা পজিটিভ।’
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা নিয়েও আশাবাদী মুশফিক। তার মতে, মিরপুরের মতো সিলেটেও পানি নিষ্কাশন ব্যবস্থা বিশ্বমানের। সাম্প্রতিক বিসিএল ম্যাচের অভিজ্ঞতা টেনে তিনি বলেন, চার দিনের ম্যাচে রাতভর বৃষ্টি হলেও সকাল সাড়ে নয়টা থেকে খেলা শুরু করা সম্ভব হয়েছিল।
‘এখানে একটা জিনিস ভালো, মিরপুরের মতো এখানেও ড্রেনেজ সিস্টেম ওয়ার্ল্ড ক্লাস। আমরা রিসেন্টলি যে বিসিএল ম্যাচটা খেলেছি, চারটা দিনই ওভারনাইট অনেক রেইন হয়েছে। কিন্তু একই সময়ে সাড়ে নয়টা থেকে প্রতিদিন খেলা শুরু হয়েছে,’ বলেন মুশফিক।
তবে বৃষ্টি হলে শুধু মাঠ প্রস্তুত থাকলেই হবে না, ক্রিকেটারদের মানসিক প্রস্তুতিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। বারবার খেলা বন্ধ ও শুরু হলে মনোযোগ ধরে রাখা কঠিন। তাই পেশাদার ক্রিকেটার হিসেবে ‘সুইচ অন’ ও ‘সুইচ অফ’ করার সামর্থ্য জরুরি বলে মনে করিয়ে দিয়েছেন মুশফিক।
তিনি বলেন, বৃষ্টির বিরতি এখন ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয়। আবহাওয়ার কারণে খেলা থামলে পুরোপুরি বিশ্রামে থাকা, আবার খেলা শুরু হলে দ্রুত মনোযোগ ফিরিয়ে আনা এই মানসিক ভারসাম্যই গুরুত্বপূর্ণ।
মুশফিক বলেছেন, ‘এটা এখন আমাদের ডেইলি রুটিনের মতো। ওভারথিং করার কিছু নেই। নিশ্চিত করতে হবে, যখন কাজ শুরু হবে তখন যেন আমরা সুইচ অন থাকি, আর যখন হবে না তখন যেন আমরা কমপ্লিট অফ থাকতে পারি।’
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন উঁচুতে। তবে সিলেটে আবহাওয়া ম্যাচের গতিপথে প্রভাব ফেলতে পারে। মুশফিক তাই ফলের আশা করলেও বাস্তবতা মানছেন। তার মতে, যতটুকু খেলা পাওয়া যাবে, সেই সময়টাই কাজে লাগাতে হবে বাংলাদেশকে।
‘যদি দিনে বৃষ্টি না হয়, অন অ্যান্ড অফ হলে হতে পারে। কিন্তু ড্রেনেজ সিস্টেম ভালো, ওয়েদার একটু ভালো হলে এখান থেকে রেজাল্ট নেওয়া সম্ভব। আমরা চেষ্টা করব, যতটুকু খেলা হবে সেখানে যেন পজিটিভ ইমপ্যাক্ট ফেলতে পারি,’ বলেছেন মুশফিক।
সিলেট টেস্ট তাই শুধু পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লড়াই নয়, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষাও। বৃষ্টি কতটা বাধা দেবে, সেটি সময় বলবে। তবে মুশফিকের বিশ্বাস, সুযোগ পেলেই বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার মতো প্রস্তুত।



