logo

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ 

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ 

ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে স্কটল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও তার সতীর্থরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা।

গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে দীর্ঘ সময় আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিল বাংলাদেশ দল। প্রস্তুতির ঘাটতি নিয়েই ভারতে খেলতে হয়েছিল তাদের। তবে এবার সে পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে নেপালে অনুষ্ঠিত বাছাইপর্ব জিতে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে জ্যোতিদের দল, ফলে মূল আসরের আগে ধারাবাহিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তারা।

৪ এপ্রিল শুরু হচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তিন দলের এই টুর্নামেন্টের ফাইনাল ১৪ এপ্রিল। বিপিএল শেষেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

এরপর মে মাসের শেষ ভাগ বা জুনের শুরুতে স্কটল্যান্ডে বসবে ত্রিদেশীয় সিরিজ। সেখানে স্বাগতিকদের পাশাপাশি থাকবে নেদারল্যান্ডসও। রুবাবা দৌলা বলেন, “খুব শিগগিরই আমরা বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাব। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে নারী বিপিএল আয়োজন করছি। এরপর ঘরের মাঠে একটি সিরিজ রয়েছে। পাশাপাশি একটি ত্রিদেশীয় সিরিজেরও অনুমোদন পেয়েছি—স্কটল্যান্ডে বাংলাদেশ, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস অংশ নেবে। এসব পরিকল্পনা আমরা আগেই চূড়ান্ত করেছি।”

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

সূচি অনুযায়ী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারতের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে জ্যোতিরা—ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী লর্ডসে।

ধারাবাহিক আন্তর্জাতিক ম্যাচ ও প্রতিযোগিতামূলক পরিবেশে প্রস্তুতি—সব মিলিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দল। এবার লক্ষ্য শুধু অংশগ্রহণ নয়, বড় মঞ্চে নিজেদের সামর্থ্যের ছাপ রাখা।