৫৫ রানে গুটিয়েও এশিয়া কাপে ‘সেরা দল’ পাকিস্তান!

ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটিই পাকিস্তান নারী দলের সর্বনিম্ন সংগ্রহ। এরপর লক্ষ্য তাড়ায় ভারত জিতে গেছে মাত্র ৮.৪ ওভারে, হাতে রেখেছে সাত উইকেট। এমন একপেশে হারের পরও পাকিস্তানকেই চলতি নারী এশিয়া কাপের ‘সেরা দল’ মনে করছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ।
শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে গ্রুপ ‘এ’র ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় ফাতিমা সানার দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তান নারী দলের আগের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৫৬ রান।
৫৬ রানের লক্ষ্য ভারতের জন্য খুব একটা কঠিন হওয়ার কথা ছিল না। শুরুতে অবশ্য অধিনায়ক ফাতিমা সানার বোলিংয়ে ২৯ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। কিন্তু এরপর আর কোনো বিপদ হতে দেননি হরমনপ্রীত কৌর ও দীপ্তি শর্মা। ৮.৪ ওভারেই ৩ উইকেটে ৫৭ রান তুলে সাত উইকেটের জয় নিশ্চিত করে ভারত।
পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের বড় কারণ ছিল ভারতের স্পিনাররা। শ্রী চরনী ৭ রানে নেন ৩ উইকেট, প্রেমা রাওয়াত ৯ রানে ৩টি এবং দীপ্তি শর্মা ৫ রানে নেন ২ উইকেট। পাকিস্তানের হয়ে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র দুই ব্যাটার। শাওয়াল জুলফিকার করেন ১৪ এবং মুনিবা আলী ১৩ রান।
এমন হারের পর পাকিস্তানের ব্যাটিং বা দলের সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়াহাবের মূল্যায়ন ছিল একেবারেই উল্টো।
পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দলের সব খেলোয়াড়ই খুব দক্ষ। তাদের শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। আমাদের পরের ম্যাচ হংকংয়ের বিপক্ষে। ভারতের বিপক্ষে কোথায় ভুল করেছি, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং একই ভুল আর করব না।’
এরপরই সবচেয়ে আলোচিত মন্তব্যটি করেন ওয়াহাব। তিনি বলেন, ‘আমার এখনো বিশ্বাস, এই এশিয়া কাপে ট্রফি জেতার জন্য পাকিস্তানই সেরা দল। কারণ এখানকার কন্ডিশন আমাদের খেলার ধরনের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে যায়।’
তার এই মন্তব্য নিয়ে আলোচনা তৈরি হওয়ার কারণও পরিষ্কার। ভারত যেখানে টানা তিন ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে, পাকিস্তান সেখানে দুই ম্যাচ শেষে পেয়েছে মাত্র ২ পয়েন্ট। ভারতের কাছে বড় হারের কারণে তাদের সেমিফাইনালের সমীকরণও কঠিন হয়ে পড়েছে।
তবে দলের সাম্প্রতিক পরিবর্তন নিয়েও নিজের অবস্থানে অনড় ওয়াহাব। সাবেক পাকিস্তান অধিনায়ক সানা মির বিশ্বকাপের পর একসঙ্গে সাত খেলোয়াড় বদলের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। ওয়াহাবের দাবি, পুরোনোদের কাছ থেকে কাঙ্ক্ষিত ফল না পাওয়াতেই ভবিষ্যতের কথা ভেবে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘সানা মিরের নিজের মতামত আছে। আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখেই পরিবর্তন করেছি। যারা আগে খেলছিল, তারা অনেক বিশ্বকাপ ও এশিয়া কাপ খেলেছে, কিন্তু আমরা ফল পাচ্ছিলাম না। তাই নতুন মুখ নিয়ে দল গড়ার সময় এসেছিল।’
পাকিস্তানের সামনে এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং। দুই ম্যাচে তাদের পয়েন্ট ২, সমান পয়েন্ট আছে থাইল্যান্ডেরও। ফলে সেমিফাইনালে যেতে হংকংয়ের বিপক্ষে হার এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাতিমাদের জন্য।
তার আগে অবশ্য আলোচনায় থেকে যাচ্ছে ওয়াহাবের সেই আত্মবিশ্বাসী ঘোষণা। ভারতের কাছে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন টি-টোয়েন্টি সংগ্রহে গুটিয়ে সাত উইকেটে হারের পরও তার চোখে এশিয়া কাপের ‘সেরা দল’ পাকিস্তানই।



