বিনা প্রতিদ্বন্দিতায় বিসিবি পরিচালক হচ্ছেন মিনহাজুল আবেদীন নান্নু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরই বেশ কয়েকটি পদে ভোটের প্রয়োজনীয়তা কার্যত শেষ হয়ে গেছে। এবার তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন।
সোমবার নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানে দেখা যায়, ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরিফুল ইসলাম অপু মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দিতায় চট্টগ্রাম বিভাগ থেকে বিসিবি পরিচালক হচ্ছে মিনহাজুল আবেদীন নান্নু (চট্টগ্রাম জেলা) ও মঈন উদ্দিন চৌধুরী (লক্ষীপুর জেলা)
শুধু জেলা ও বিভাগীয় কোটাতেই নয়, ক্লাব ক্যাটাগরিতেও প্রার্থিতা প্রত্যাহারের ঘটনা ঘটেছে। লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান বাদল এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন। এই তিন বিভাগে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় সেখানেও ভোটের প্রয়োজন পড়ছে না। ঢাকা বিভাগে দুই পদের বিপরীতে তিনজন মনোনয়ন দিলেও যাচাই-বাছাইয়ে একজন বাদ পড়ায় দুই পরিচালক আগেই নিশ্চিত হয়ে গেছে।
এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমিন। ঢাকা বিভাগ থেকে পরিচালক হচ্ছেন সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।
এদিকে খুলনা বিভাগে দুই পরিচালক পদের জন্য লড়বেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম। বরিশাল বিভাগে এক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী।
ক্যাটাগরি-৩ থেকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে বৈধতা পাওয়া সিরাজউদ্দিন মো. আলমগীরও পরিচালক নির্বাচিত হচ্ছেন।
সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা থাকছে ক্লাব ক্যাটাগরিতে। ১২টি পরিচালক পদের বিপরীতে এই ক্যাটাগরিতে লড়বেন ১৬ জন কাউন্সিলর। আলোচিত প্রার্থীদের মধ্যে আছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস ও মোহাম্মদ আমজাদ হোসেন।
