বিশ্বকাপের আগে নতুন সহকারী কোচ পেল লিটনরা

মোহাম্মদ সালাহউদ্দিন জাতীয় দল ছেড়ে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সহকারী কোচ হিসেবে আসছেন মালিবংওয়ে মাকেতা। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সাবেক এই সহকারী কোচ এবার কাজ করবেন ফিল সিমন্সের সঙ্গে।
শুক্রবার (২ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে মাকেতার নিয়োগের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দেবেন ৪৬ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান।
বাংলাদেশের দায়িত্ব নিতে পেরে আনন্দিত মাকেতা। বিসিবির বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখতে মুখিয়ে আছি।’
তরুণ ক্রিকেটারদের উন্নতিতে কাজ করার আগ্রহও জানিয়েছেন তিনি। মাকেতা বলেন, ‘আমাদের দলটি তরুণ ও সম্ভাবনাময়। ফিল ও কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের ধারাবাহিক উন্নয়নে সহায়তা করতে আমি মুখিয়ে আছি।’
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার লেভেল-৪ সনদধারী মাকেতার কোচিং অভিজ্ঞতা দুই দশকের বেশি। জাতীয় দলের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল ও জাতীয় একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঘরোয়া ক্রিকেটে ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচও ছিলেন তিনি।
২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সহকারী কোচ ছিলেন মাকেতা। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও প্রোটিয়াদের কোচিং স্টাফের সদস্য ছিলেন। তাঁর দায়িত্বের সময়ে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
উদীয়মান ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করার অভিজ্ঞতা রয়েছে মাকেতার। দক্ষিণ আফ্রিকা ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় একাডেমিতেও এই কাজ করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ও প্রাদেশিক পর্যায়ে কোচিং করিয়েছেন তিন সংস্করণেই।
সবশেষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ও জাতীয় একাডেমির প্রধান কোচ হিসেবে কাজ করেছেন মাকেতা। তাঁর অধীনে ২০২৩–২৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল সিএসএ ওয়ানডে কাপের দ্বিতীয় বিভাগে শিরোপা জেতে। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকেও যুব বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন তিনি।
