Advertisement

প্রস্তুতি ম্যাচেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

এশিয়া পোস্ট স্পোর্টস
প্রস্তুতি ম্যাচেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের
দ্বিতীয় ইনিংসে কোনো রানই করতে পারেননি শান্ত। ছবি: বিসিবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

Advertisement

শনিবার ডারউইনে তিন দিনের ম্যাচের শেষ দিন ২ উইকেটে ১৯ রান নিয়ে শুরু করে বাংলাদেশ। তখনো স্বাগতিকদের প্রথম ইনিংসের চেয়ে ৭৩ রানে পিছিয়ে ছিল সফরকারীরা। সেই ঘাটতি পেরোনোর আগেই মাত্র ২২ ওভারে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

দলের পক্ষে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল তানজিদ হাসান তামিম। ৪১ বলে ২২ রান করেন তিনি। শাদমান ইসলাম ও মুমিনুল হক করেন ৬ রান করে। সৌম্য সরকার ৫, অমিত হাসান ৪ এবং মুশফিকুর রহিম ২ রানে ফেরেন। অধিনায়ক শান্ত, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন কোনো রানই করতে পারেননি।

বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর ক্যাম্পবেল থম্পসন। মাত্র ২৫ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান এই পেসার। বাকি দুই উইকেট নেন কোরি রকিচিওলি।

প্রথম ইনিংসেও বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। তবে মেহেদী হাসান মিরাজের অপরাজিত ১০৯ রানে ভর করে ২৬৩ রান করেছিল সফরকারীরা। শান্ত ৩৭ ও শাদমান ৩১ রান করেন। রকিচিওলি নিয়েছিলেন ৬ উইকেট।

জবাবে টিগ উইলির ১৩০, জেক ডোরানের ৭৬ ও কার্টিস প্যাটারসনের ৫৩ রানে ৩৫৫ রান করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের হয়ে ৪২ রান দিয়ে ৪ উইকেট নেন হাসান মাহমুদ। তাসকিন ও মিরাজ নেন দুটি করে উইকেট।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট।