logo

সাকিব ফিরলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলা উচিত : আশরাফুল

সাকিব ফিরলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলা উচিত : আশরাফুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন দেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে, তখন তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে দেশের ক্রিকেট মহলে।

এই প্রেক্ষাপটে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করছেন, সাকিব যদি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন, তাহলে তার লক্ষ্য হওয়া উচিত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলা—শুধু স্বল্পমেয়াদি প্রত্যাবর্তন নয়।

এর আগে বিসিবি পরিচালক আসিফ আকবর নিশ্চিত করেছেন, বোর্ড নিয়মিতভাবে সাকিবের সঙ্গে যোগাযোগ রাখছে এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগেই তাকে ফেরানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে।

উল্লেখ্য, বাংলাদেশ আগামী ১২, ১৪ ও ১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজ দিয়েই সাকিবকে দেশে ফেরানোর চিন্তা বিসিবির।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ‘আমি তার একটি সাক্ষাৎকারে দেখেছি, সে বলেছে সব ফরম্যাট খেলে বাংলাদেশের হয়ে অবসর নিতে চায়। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আজকের ক্রিকেটে যদি কেউ একটি ফরম্যাটেই খেলে—যেমন মুশফিক এখন শুধু টেস্ট খেলছে। তাহলে যতদিন পারফর্ম করবে, ততদিন খেলা চালিয়ে যেতে পারে।’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বয়স ও ওয়ার্কলোড ব্যবস্থাপনার বিষয়টিও তুলে ধরেন তিনি। ‘আরেক বছরের মধ্যেই আসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। সাকিব যদি শুধু ওয়ানডে খেলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যেতে চায়, তখন তার বয়স হবে ৩৭-৩৮। আধুনিক ক্রিকেটে ওয়ার্কলোড যেভাবে ম্যানেজ করা হয়, সেখানে ৪০-৪২ বছর পর্যন্ত খেলা কোনো বড় বিষয় নয়।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলার বিষয়টিকেও তিনি যুক্তি হিসেবে দেখান। 

আশরাফুল বলেন, ‘এটা ভালো হবে, কারণ সে ফিট আছে এবং সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছে। সে ঘরে বসে নেই। যেহেতু সব লিগে খেলছে, আর যদি বাংলাদেশের হয়ে শুধু ওয়ানডে খেলে বিশ্বকাপ পরিকল্পনা করে, তাহলে সেটা সবার জন্যই ভালো হবে।’

গত বছর টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে পরে অবস্থান বদলান সাকিব। ২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুর টেস্টের আগে তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নেন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ শেষে টেস্ট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা জানান, যা নিরাপত্তা ছাড়পত্রের ওপর নির্ভরশীল ছিল।

রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফিরতে না পারায় তিনি এক বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। সম্প্রতি সাকিব জানিয়েছেন, ঘরের মাঠে তিন ফরম্যাটেই খেলে তারপর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে চান—বিসিবির বর্তমান উদ্যোগ সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।