logo

বিশ্বকাপের আগে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন যুক্তরাষ্ট্রের জোন্স

বিশ্বকাপের আগে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন যুক্তরাষ্ট্রের জোন্স

আন্তর্জাতিক ক্রিকেটে এবার দুর্নীতিবিরোধী অভিযান আরও জোরালো হলো। বিশ্বকাপের ঠিক ৬ দিন আগে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ব্যাটার অ্যারন জোন্সের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ এনে তাকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। চলমান তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) আইসিসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জোন্সের বিরুদ্ধে মোট পাঁচটি দুর্নীতিবিরোধী বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর কেন্দ্রবিন্দু ২০২৩–২৪ মৌসুমে বার্বাডোজে অনুষ্ঠিত বিম১০ টুর্নামেন্ট। পাশাপাশি দুটি অভিযোগ আন্তর্জাতিক ম্যাচ সংশ্লিষ্ট, যা আইসিসির নিজস্ব দুর্নীতিবিরোধী কোডের আওতায় এসেছে।

তদন্তের কেন্দ্রে কী আছে

সিডব্লিউআইয়ের দুর্নীতিবিরোধী কোডের আওতায় জোন্সের বিরুদ্ধে—

  • ম্যাচের নির্দিষ্ট দিক প্রভাবিত বা প্রভাবিত করার চেষ্টা
  • দুর্নীতিমূলক প্রস্তাব বা যোগাযোগ গোপন রাখা
  • মনোনীত দুর্নীতিবিরোধী কর্মকর্তার তদন্তে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে।

আইসিসির পক্ষ থেকে অভিযোগে আরও বলা হয়েছে—

  • অ্যান্টি-করাপশন ইউনিটকে (ACU) দুর্নীতিমূলক প্রস্তাব বা যোগাযোগের পূর্ণ তথ্য না জানানো
  • তদন্তে বাধা সৃষ্টি করার অভিযোগ, যার মধ্যে তথ্য গোপন বা পরিবর্তনের বিষয়ও অন্তর্ভুক্ত

আইসিসি জানিয়েছে, এই অভিযোগগুলো একটি বৃহত্তর তদন্তের অংশ। সংস্থাটির ইঙ্গিত অনুযায়ী, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে অন্য ব্যক্তি বা সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধেও নতুন অভিযোগ আসতে পারে।

এই পরিস্থিতিতে অ্যারন জোন্সকে অস্থায়ীভাবে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের জবাব দিতে তাকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আইসিসি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে।

এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ক্রিকেটের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। ৩১ বছর বয়সী জোন্স যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন ১০০টি আন্তর্জাতিক ম্যাচ—৫২টি ওয়ানডে ও ৪৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক। তিনি নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অংশ নিয়েছেন, যার মধ্যে রয়েছে ইউএসএ মেজর লিগ ক্রিকেট ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ।

২০২৪ সালে সেন্ট লুসিয়া কিংসের হয়ে সিপিএল ফাইনালে দলের সর্বোচ্চ রান করেছিলেন জোন্স। সবশেষ তিনি খেলেছিলেন ২০২৫ সালের নভেম্বরে আবুধাবি টি-টেন লিগে।

এই তদন্তের ফলাফলের ওপরই এখন নির্ভর করছে জোন্সের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ—এবং যুক্তরাষ্ট্র ক্রিকেটে দুর্নীতিবিরোধী কাঠামোর বিশ্বাসযোগ্যতাও।