টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন রশিদ খান

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন রশিদ খান। পুরুষদের ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১২০ ম্যাচেই অনন্য এই কীর্তি গড়েছেন তিনি। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দেখিয়েছেন ঝড়। মাত্র ৬ বলে চার ছক্কায় অপরাজিত ২৫ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১৯ রানে হারিয়েছে আফগানিস্তান। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার দিনে রশিদ গড়েছেন ইতিহাস।
জিম্বাবুয়ের ইনিংসের নবম ওভারে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। ওভারের তৃতীয় বলে তাদিওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউ করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ২০০তম উইকেট তুলে নেন রশিদ। এর মধ্য দিয়ে এই সংস্করণে প্রথম পুরুষ বোলার হিসেবে দুই শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
মাত্র ১২০ ম্যাচে ২০০ উইকেট নেওয়া রশিদের বোলিং গড় ১৩ দশমিক ৯৬। ওভারপ্রতি রান খরচ করেছেন ৬ দশমিক ১৩। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ক্যারিয়ারসেরা বোলিং ৩ রানে ৫ উইকেট।
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় রশিদের অবস্থান এখন সবার ওপরে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের আদিল রশিদের সংগ্রহ ১৫৩ ম্যাচে ১৭১ উইকেট। অর্থাৎ ইংলিশ লেগ স্পিনারের চেয়ে ২৯ উইকেটে এগিয়ে আছেন আফগান তারকা।
এর আগে গত বছরের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে প্রথম আফগান বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট পূর্ণ করেছিলেন রশিদ। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সবার আগে সেই মাইলফলকে পৌঁছালেন তিনি।
অথচ ঐতিহাসিক ম্যাচের শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রানেই ৪ উইকেট হারায় দলটি। নবম ওভারে ৩৮ রানে পঞ্চম উইকেটও পড়ে যায়। সেখান থেকে ষষ্ঠ উইকেটে রেকর্ড ১৪২ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন আজমতউল্লাহ ওমরজাই ও ইজাজ আহমদজাই।
মাত্র ৫০ বলে ৫ চার ও ১২ ছক্কায় ১১৬ রান করেন ওমরজাই। অন্যদিকে ২৭ বলে ৫২ রান করেন ইজাজ। শেষ দিকে রশিদের ৬ বলে অপরাজিত ২৫ রানের ঝড়ে ৭ উইকেটে ২২১ রান সংগ্রহ করে আফগানিস্তান।
জবাবে ২২২ রানের লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ৫৬ বলে ৫ চার ও ৯ ছক্কায় অপরাজিত ১০৬ রান করলেও দলকে জেতাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানেই থামে জিম্বাবুয়ে। আফগানিস্তানের হয়ে আবদুল্লাহ আহমদজাই দুটি এবং রশিদ, ওমরজাই ও ফরিদ আহমদ একটি করে উইকেট নেন। চার ওভারে ২৯ রান খরচ করেন রশিদ।
ম্যাচসেরা হন ওমরজাই। তবে ব্যক্তিগত অর্জনের আলোয় উজ্জ্বল ছিলেন রশিদও। প্রথম পুরুষ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ উইকেটের ইতিহাস গড়ে স্মরণীয় করে রাখলেন ম্যাচটি।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান। আগামী ১ নভেম্বর শারজাহতেই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
-7dd663.webp)