logo
Advertisement

কারাবন্দি ইমরানের পাশে ক্রিকেট বিশ্বের ২১ সাবেক অধিনায়ক

এশিয়া পোস্ট স্পোর্টস
কারাবন্দি ইমরানের পাশে ক্রিকেট বিশ্বের ২১ সাবেক অধিনায়ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য নিয়ে আবারও উদ্বেগ জানিয়েছেন ক্রিকেট বিশ্বের সাবেক তারকারা। সুনীল গাভাস্কার, কপিল দেব, অ্যালান বোর্ডার ও স্টিভ ওয়াহসহ নয় দেশের ২১ সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়ে ইমরানের পূর্ণাঙ্গ ও স্বাধীন চিকিৎসা পরীক্ষার দাবি জানিয়েছেন।

Advertisement

গত ছয় মাসের মধ্যে শাহবাজকে লেখা তাদের এটি দ্বিতীয় চিঠি। গত ফেব্রুয়ারিতে ১৪ সাবেক অধিনায়ক ইমরানের যথাযথ চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার আবেদন জানিয়েছিলেন। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও সাতজন।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট সম্প্রতি ইমরানকে হাসপাতালে নিয়ে একটি বিশেষ মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করানোর নির্দেশ দেন। সেই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক ও বোন চিকিৎসক উজমা খানকে যুক্ত রাখার কথাও বলা হয়েছিল। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে প্রতি সপ্তাহে সাক্ষাতের সুযোগ পুনর্বহাল করেন আদালত।

তবে ইমরানকে হাসপাতালে নেওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যেই আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে দেওয়া হয়। তার পরিবার ও আইনজীবীদের অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী গঠিত বোর্ডের পরিবর্তে সরকার নিযুক্ত চিকিৎসকেরা তাকে পরীক্ষা করেন। তারা ইমরানকে চিকিৎসার জন্য উপযুক্ত অবস্থায় আছেন বলে ঘোষণা করার পর দ্রুত কারাগারে পাঠানো হয়।

সাবেক অধিনায়কদের চিঠিতে বলা হয়েছে, ‘উদ্বেগের বিষয় হলো, ইমরান খানের হাসপাতালে অবস্থান কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। আদালতের নির্দেশিত বোর্ডের পরিবর্তে সরকার নিযুক্ত একটি দল তাকে পরীক্ষা করে এবং সম্পূর্ণ মূল্যায়ন শেষ হওয়ার আগেই কারাগারে ফেরত পাঠানো হয়।’

চিঠিতে তিনটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন সাবেক অধিনায়কেরা। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইমরানের ব্যক্তিগত চিকিৎসকদের উপস্থিতিতে স্বাধীন মেডিকেল বোর্ডকে পূর্ণাঙ্গ পরীক্ষা শেষ করার সুযোগ দিতে হবে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর যে অভিযোগ উঠেছে, সেটি যথাযথভাবে পরীক্ষা করতে বলেছেন তারা।

দ্বিতীয়ত, আদালত পুনর্বহাল করার পর পরিবারের সদস্যদের সঙ্গে ইমরানের সাপ্তাহিক সাক্ষাতে কোনো প্রশাসনিক বাধা বা বিলম্ব রাখা যাবে না। তৃতীয়ত, মেডিকেল বোর্ড যে চিকিৎসার সুপারিশ করবে, তা দ্রুত কার্যকর করতে হবে।

এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল বলেন, ‘আমরা পাকিস্তানের কাছে অস্বাভাবিক কিছু চাইছি না। অধিকাংশ দেশেই স্বাভাবিক বলে বিবেচিত আদালতের একটি নির্দেশ যেন বাস্তবায়িত হয়, শুধু সেটিই চাইছি।’

চিঠিতে স্বাক্ষরকারীরা পরিষ্কার করেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক কিংবা বিচারিক প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্ত দিতে চান না তারা। ক্রিকেট মাঠে তৈরি হওয়া সম্পর্ক থেকেই মানবিক আবেদনটি জানাচ্ছেন।

তারা লিখেছেন, ‘আমরা রাজনীতিবিদ হিসেবে লিখছি না। আমরা লিখছি সাবেক সতীর্থ ও প্রতিদ্বন্দ্বী হিসেবে, যাদের মধ্যে ক্রিকেট মাঠে এমন একটি বন্ধন তৈরি হয়েছে, যা প্রায়ই দেশগুলোকে বিভক্ত করে রাখা সীমান্ত ও বিরোধ অতিক্রম করে।’

স্বাক্ষরকারীদের মধ্যে গাভাস্কার, কপিল, বোর্ডার ও ওয়াহ ছাড়াও রয়েছেন গ্রেগ ও ইয়ান চ্যাপেল, মাইকেল আথারটন, অ্যালিস্টার কুক, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রাউস, দিলীপ ভেংসরকার ও জন রাইটের মতো পরিচিত নাম।

ইমরানের বয়স এখন ৭৩ বছর। ১৯৯২ সালে তার নেতৃত্বেই প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ইমরান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। পাকিস্তান সরকার সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসা পরীক্ষায় ইমরানের জরুরি কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি। তবে তার পরিবার ও দল দাবি করছে, ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে যাওয়াসহ বেশ কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তিনি। এই পরস্পরবিরোধী দাবির মধ্যেই আদালতের নির্দেশ পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানালেন ক্রিকেট বিশ্বের ২১ সাবেক অধিনায়ক।

কারাবন্দি ইমরানের পাশে ক্রিকেট বিশ্বের ২১ সাবেক অধিনায়ক