logo

শুরু হচ্ছে ৬৫১ ম্যাচের স্কুল ক্রিকেট

শুরু হচ্ছে ৬৫১ ম্যাচের স্কুল ক্রিকেট

প্রাইম ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে শুরু হচ্ছে জাতীয় স্কুল ক্রিকেট। এ বছর ৬৪ জেলা থেকে ৩৫০ স্কুলের সাড়ে আট হাজারের বেশি ক্রিকেটার অংশ নেবে ৬৫১ ম্যাচের বিরাট মহাযজ্ঞে। ১০ এপ্রিল শুরু হয়েছে জেলা পর্যায়ের ম্যাচগুলো। এরপর হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিসিবির মিডিয়া সেন্টারে আয়োজন করা হয় জার্সি উন্মোচন অনুষ্ঠান। প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. নাজিম এ. চৌধুরী এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স সৈয়দ রায়হান তারিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে ছিলেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ক্রিকেটার তাওহীদ হৃদয়।  
 
২০১৫ সালে শুরু হওয়া প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটে বিভিন্ন সময়ে অংশ নিয়েছে ৩,৫০৭ স্কুল। দেশের সব প্রান্তে মাঠে গড়ানো ৬,১৯৫ ম্যাচে খেলেছে ৭৬,২৩৫ স্কুল ক্রিকেটার যা বাংলাদেশের যে কোনো পর্যায়ের ক্রিকেটে সর্ব্বোচ্চ। এ ছাড়া প্রতি বছর প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটের মৌসুম শেষে, বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচকদের নির্বাচনের ভিত্তিতে সেরা ১৫ ক্রিকেটারকে বৃত্তি দিয়ে আসছে প্রাইম ব্যাংক পিএলসি। বিসিবির অনুরোধে বৃত্তি সংখ্যা এই বছর ১৫ থেকে ২৫ করা হয়েছে। স্কলারশিপের পরিমাণও বছরে ৬০০০০ থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করা হয়েছে।