logo

পাঁচ সেঞ্চুরিতে গুয়াহাটিতে বিশ্বরেকর্ড

পাঁচ সেঞ্চুরিতে গুয়াহাটিতে বিশ্বরেকর্ড
ক্যারিবীয় তিন ব্যাটারের পর শতক হাঁকিয়েছেন গিল ও রোহিতও। ছবি: এপি

ভারতের গুয়াহাটিতে যেন সেঞ্চুরির মেলা। ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটসম্যানের পর ভারতের রানতাড়ায় তিন অঙ্ক ছুয়েছেন শুভমান গিল ও রোহিত শর্মাও। তাতেই লেখা হলো নতুন ইতিহাস ওয়ানডে ক্রিকেটে প্রথমবার একই ম্যাচে সেঞ্চুরি করলেন পাঁচ ব্যাটসম্যান।

আগের রেকর্ড ছিল চার সেঞ্চুরির। পুরুষদের ওয়ানডেতে তিনটি ম্যাচে এবং মেয়েদের ওয়ানডেতে একবার একই ম্যাচে চারজন ব্যাটসম্যান তিন অঙ্ক ছুঁয়েছিলেন। গুয়াহাটিতে সেই সীমা প্রথমবার পেরিয়ে গেল।

রেকর্ডের ভিত্তিটা তৈরি করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের আমন্ত্রণে আগে ব্যাট করে ৭ উইকেটে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ৪০৫ রান তোলে ক্যারিবীয়রা। জন ক্যাম্পবেল ৬৮ বলে ১০১, অধিনায়ক শাই হোপ ৯৪ বলে ১০৪ এবং আমির জাঙ্গু ৭৭ বলে ১১৪ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসে একই ইনিংসে তিন সেঞ্চুরির ঘটনাও এটিই প্রথম।

৪০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেও পিছিয়ে থাকেনি ভারত। রোহিত ও গিলের উদ্বোধনী জুটিতেই দুইশর বেশি রান তুলে ফেলে স্বাগতিকরা।

প্রথমে শতক পূর্ণ করেন গিল। মাত্র ৬২ বলে তিন অঙ্কে পৌঁছান ভারত অধিনায়ক। এটি তার টানা দ্বিতীয় এবং ওয়ানডে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। একই সঙ্গে ভারতের অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি।

এরপর শতক ছুঁয়ে ইতিহাসের পঞ্চম সেঞ্চুরিয়ান হন রোহিত। ম্যাচের শুরুতেই আরেকটি বড় মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। ওয়ানডেতে ১২ হাজার রান পূর্ণ করে শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় হিসেবে এই ক্লাবে নাম লেখান সাবেক ভারত অধিনায়ক।

এর আগে পুরুষদের ওয়ানডেতে চার সেঞ্চুরির ঘটনা প্রথম দেখা যায় ১৯৯৮ সালে লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে। পাকিস্তানের ইজাজ আহমেদ ও মোহাম্মদ ইউসুফের সঙ্গে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিং সেঞ্চুরি করেছিলেন সেই ম্যাচে। ২০১৩ সালে নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও চারটি সেঞ্চুরি হয় শেন ওয়াটসন ও জর্জ বেইলির পর শতক করেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলি।

তৃতীয় ঘটনাটি ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে। কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার শতকের জবাবে সেঞ্চুরি করেছিলেন আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপে একই ম্যাচে চার সেঞ্চুরির সেটিই প্রথম ঘটনা।

মেয়েদের ওয়ানডেতে চার সেঞ্চুরির একমাত্র নজিরটি ২০২৪ সালে বেঙ্গালুরুতে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত কৌর, মারিজান কাপ ও লরা উলভার্ট সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন।

কিন্তু পাঁচজনের তিন অঙ্ক ছোঁয়া; আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট এতদিন কখনো দেখেনি। ক্যাম্পবেল, হোপ, জাঙ্গু, গিল ও রোহিতের ব্যাটে সেই নতুন অধ্যায় লিখল গুয়াহাটি।