logo

শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমির লড়াইয়ে টিকে রইল নিউজিল্যান্ড

শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমির লড়াইয়ে টিকে রইল নিউজিল্যান্ড

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে একপেশে লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৬১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল নিউজিল্যান্ড। একই সঙ্গে সুপার এইট থেকে বিদায় নিশ্চিত হলো সহ-আয়োজক শ্রীলঙ্কার।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই পাথুম নিশাঙ্কাকে বোল্ড করেন ম্যাট হেনরি। তৃতীয় ওভারে চারিথ আসালঙ্কাকেও ফেরান তিনি। ৬ রানে ২ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় লঙ্কানরা।

এরপর কুশল মেন্ডিস ও পাভান রথনায়েকে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাচিন রবীন্দ্র। একের পর এক উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের মাঝপথেই বিপদে ফেলেন তিনি। অধিনায়ক দাসুন শানাকা, দুশান হেমন্তা—কেউ টিকতে পারেননি।

শেষদিকে কামিন্দু মেন্ডিস ৩১ ও দুনিথ ভেলালাগে ২৯ রান করে লড়াইয়ের চেষ্টা চালালেও লক্ষ্য থেকে অনেক দূরেই থেমে যায় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে মাত্র ১০৭ রান।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে চাপে পড়েছিল নিউজিল্যান্ডও। মাহেশ থিকশানার জোড়া আঘাতে ৮৪ রানে ৫ উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা। তবে অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাককনচির দৃঢ় জুটি ম্যাচে ফেরায় দলকে। স্যান্টনার ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন, ম্যাককনচি করেন ৩১। শেষদিকে তাদের ব্যাটেই ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে নিউজিল্যান্ড।

এই জয়ে সুপার এইট গ্রুপ-২–এ সেমিফাইনালের সমীকরণ আরও জমে উঠল। শ্রীলঙ্কার শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে হলেও সেমির দৌড়ে তারা আর নেই। অন্যদিকে নিউজিল্যান্ডের ভাগ্য নির্ভর করছে বাকি ম্যাচগুলোর ফল ও নেট রান রেটের ওপর।