Advertisement

স্টার্ক বিতর্ক পেছনে ফেলে জয়ে চোখ মিরাজের

এশিয়া পোস্ট স্পোর্টস
স্টার্ক বিতর্ক পেছনে ফেলে জয়ে চোখ মিরাজের
মেহেদী হাসান মিরাজ। ছবি: গেটি ইমেজ

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে মিচেল স্টার্কের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল মেহেদী হাসান মিরাজের। তবে সেই উত্তাপ আর স্থায়ী হয়নি। পরদিন সকালে মিরাজের সঙ্গে কথা বলে অস্ট্রেলিয়ান পেসার স্বীকার করেছেন, ঘটনায় তারও ভুল ছিল।

Advertisement

বাংলাদেশের প্রথম ইনিংসে রান নেওয়ার সময় পিচের সুরক্ষিত অংশ দিয়ে দৌড়ানোর অভিযোগ উঠেছিল মিরাজের বিরুদ্ধে। আম্পায়ার কুমার ধর্মসেনা তাকে সতর্ক করার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্টার্ক। একপর্যায়ে মিরাজকে তিনি বলেছিলেন, ‘তুমি এখন আর বাংলাদেশে নেই।’

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ঘটনাটি নিয়ে মিরাজ জানান, বলের দিকে তাকিয়ে থাকায় সামনে স্টার্ককে দেখতে পাননি তিনি। ইচ্ছাকৃতভাবে পিচের সুরক্ষিত অংশ দিয়ে দৌড়াননি বলেও দাবি তার।

মিরাজ বলেন, ‘গতকাল তেমন কিছু হয়নি। ব্যাটিং করার পর সামনে চলে এসেছিলাম। বলের দিকে তাকিয়ে থাকায় সামনে দেখতে পারিনি। তাই উইকেটের ভেতর দিয়ে রান নিয়েছিলাম। ক্রিকেট মাঠে এমন হতে পারে।’

দুজনের মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হয়েছে জানিয়ে বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘আজ সকালে সে আমার সঙ্গে কথা বলেছে। গতকাল যা হয়েছে, সে বলেছে, ভুলটা তারও ছিল। তবে সব ঠিক আছে।’

মাঠের সেই উত্তেজনার পর তৃতীয় দিনে ব্যাট ও বল হাতে বাংলাদেশের অন্যতম নায়ক মিরাজ। লেজের ব্যাটারদের সঙ্গে নিয়ে ১৫৪ বলে ৬৫ রান করেন তিনি। তার ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ তোলে ৪২৬, পায় ২২৮ রানের বড় লিড। পরে বল হাতে ফিরতি ক্যাচে বিদায় করেন ৪৪ রান করা স্টিভ স্মিথকে।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৬১। ইনিংস হার এড়াতে এখনও ৬৭ রান প্রয়োজন স্বাগতিকদের। তবে একবারে বাকি ছয় উইকেটের কথা না ভেবে ছোট ছোট লক্ষ্য ধরে এগোতে চান মিরাজ।

তিনি বলেন, ‘আমরা চাইব যত কম রান হয়, সেটি আমাদের জন্য তত ভালো। এখনও দুই দিন খেলা বাকি। এখান থেকে তিনটি উইকেট নেওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওদের সবাই ভালো ব্যাটিং করে এবং দিন যত যাচ্ছে, উইকেট তত ভালো হচ্ছে। তাই বড় লক্ষ্য নিয়ে চিন্তা না করে আমরা ছোট ছোট ধাপে এগোনোর চেষ্টা করছি।’

তিন দিন পরও ডারউইনের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো থাকায় প্রতিটি সাফল্যের জন্য বোলারদের পরিশ্রম করতে হচ্ছে বলে মনে করেন মিরাজ।

তিনি বলেন, ‘যে উইকেটগুলো আমরা পেয়েছি, অনেক কষ্ট করেই নিতে হয়েছে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব রান আটকে রাখতে। এই রানের মধ্যেই আরও তিন-চারটি উইকেট নিতে পারলে আমাদের কাজ সহজ হবে। হয়তো লক্ষ্যটাও বেশি থাকবে না।’

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। তবে ইতিহাস নিয়ে এখনই ভাবছেন না মিরাজ। তাঁর তাৎক্ষণিক লক্ষ্য, চতুর্থ দিনের শুরুতেই অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভেঙে আরও তিনটি উইকেট তুলে নেওয়া।

স্টার্ক বিতর্ক পেছনে ফেলে জয়ে চোখ মিরাজের