বিসিসিআইয়ের অভিনন্দন বার্তা পেলেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন নেতৃত্ব আসার পরপরই প্রতিবেশী ভারত থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা তামিম ইকবালকে অভিনন্দন জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তামিমের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার অভিজ্ঞতা দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠার পর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যাদের প্রধান দায়িত্ব আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা।
এই পরিবর্তনের মধ্যেই ভারতের পক্ষ থেকে এমন শুভেচ্ছা বার্তা আসা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেট সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছিল।
Congratulations to Tamim Iqbal for becoming president of Bangladesh cricket board. His leadership as former cricketer will enhance the prospects of cricket in his country and overseas. @TamimOfficial28 @BCBtigers
— Rajeev Shukla (@ShuklaRajiv) April 7, 2026
বিশেষ করে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্ক এবং পরবর্তী সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অবস্থান দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ায়। বাংলাদেশ শেষ পর্যন্ত ওই আসরে অংশ নেয়নি, যা ক্রিকেট অঙ্গনে আলোচনার জন্ম দেয়।
এমন প্রেক্ষাপটে বিসিসিআইয়ের এই বার্তা দুই দেশের ক্রিকেট সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে। এখন দেখার বিষয়, নতুন নেতৃত্বের অধীনে সেই সম্পর্ক কতটা স্বাভাবিক ধারায় ফিরতে পারে।