টসের দু-এক সেকেন্ড আগে আমাকে বলল আমি খেলব: শরিফুল

মিরপুরে প্রথম ওয়ানডের আগে বাংলাদেশ দলের একাদশ নিয়ে তৈরি হয়েছিল অপ্রত্যাশিত ধোঁয়াশা। শুরুতে ঘোষিত দলে পরিবর্তন দেখা গেলেও পরে জানা যায়, শেষ মুহূর্তে ইনজুরির কারণে ছিটকে যান মুস্তাফিজুর রহমান। তার জায়গাতেই সুযোগ পান শরিফুল ইসলাম। একেবারে ম্যাচ শুরুর ঠিক আগে।
দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে শরিফুল নিজেই জানিয়েছেন সেই মুহূর্তের অভিজ্ঞতা। তার ভাষায়, সুযোগটা এসেছে একদম হঠাৎ করেই।
‘ওয়ার্মআপের সময়ই জানলাম আমি খেলবো। টসের এক-দুই সেকেন্ড আগে আমাকে বলা হয়। তখন ড্রেসিংরুমে গিয়ে প্রস্তুতি নিই। রিশাদও বলছিল হয়তো এটা তোমার রিজিক। আমিও সেভাবেই নিয়েছি,’ বলেন শরিফুল।
এই অপ্রস্তুত পরিস্থিতিতেও নিজেকে মানিয়ে নেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সুযোগ যেভাবেই আসুক, পেশাদার ক্রিকেটার হিসেবে সবসময় প্রস্তুত থাকতে হয়। ‘আমরা যারা স্কোয়াডে আছি, সবাই রেডি থাকি। কোচিং স্টাফ যাকে সুযোগ দেবে, সে খেলবে। এটা আমাদের হাতে নেই,’ যোগ করেন তিনি।
ম্যাচের আগে খুব অল্প সময় পেলেও দ্রুত নিজেকে প্রস্তুত করে ফেলেন শরিফুল। ‘আমি রান-আপ নিয়েছি, ওয়ার্মআপ বল করেছি, তারপর খেলতে নেমেছি। আলহামদুলিল্লাহ, যেটুকু করার চেষ্টা করেছি,’ বলেন এই পেসার।
উইকেট প্রসঙ্গে শরিফুল জানান, মিরপুরের উইকেট প্রত্যাশার তুলনায় ভিন্ন আচরণ করেছে। ‘আমরা যেমনটা আশা করেছিলাম, উইকেট একটু ডিফারেন্ট ছিল। তবে যেরকমই হোক, আমাদের মানিয়ে নিতে হবে,’ বলেন তিনি।
প্রথম ম্যাচে হার নিয়ে হতাশা থাকলেও দল হিসেবে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস দেখিয়েছেন শরিফুল। তার মতে, ক্রিকেট এমনই খেলা যেখানে এক ইউনিট ভালো করলে অন্য ইউনিট ব্যর্থ হতে পারে।
‘আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম, ব্যাটসম্যানদের জন্য সহজ হতো। তবে আমরা সবাই একে অন্যকে সাপোর্ট করি। ইনশাআল্লাহ, পরের ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়াব,’ বলেন তিনি।