logo

৮৪১৮ দিন পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের টেস্ট, সূচি চূড়ান্ত

৮৪১৮ দিন পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের টেস্ট, সূচি চূড়ান্ত

প্রায় ২৩ বছর, অর্থ্যাৎ ৮৪১৮ দিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬ সালের আগস্টে দুই ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দল। ইতোমধ্যে সিরিজের ভেন্যু ও সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সিরিজের প্রথম টেস্ট হবে ডারউইনের মারারা স্টেডিয়ামে, যা ২০০৪ সালের পর প্রথমবার টেস্ট আয়োজন করবে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে নর্থ কুইন্সল্যান্ডের ম্যাকে শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়—এটাই হবে ভেন্যুটির প্রথম টেস্ট ম্যাচ। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার ১২তম পুরুষ টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করবে ম্যাকে।

সিরিজের সময়সূচি

অস্ট্রেলিয়ান সময় সকাল ১০টায় ম্যাচ শুরু হলেও বাংলাদেশ সময় অনুযায়ী খেলা শুরু হবে ভোর ৬টায়।

প্রথম টেস্ট
১৩-১৭ আগস্ট ২০২৬
ভেন্যু: মারারা স্টেডিয়াম, ডারউইন
বাংলাদেশ সময়: সকাল ৬টা

দ্বিতীয় টেস্ট
২২-২৬ আগস্ট ২০২৬
ভেন্যু: গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, ম্যাকে
বাংলাদেশ সময়: সকাল ৬টা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগে এই প্রথমবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। সবশেষ ২০১৭ সালে টেস্ট সিরিজ খেলেছিল দুই দল, যেখানে ঢাকায় ঐতিহাসিক জয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, উত্তর অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট ফিরিয়ে আনতে পেরে তারা উচ্ছ্বসিত। ব্যস্ত আন্তর্জাতিক সূচির মাঝেও আগস্টে গ্রীষ্মের বাইরে টেস্ট আয়োজন নতুন দিগন্ত খুলছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের জন্য এটি শুধু একটি সিরিজ নয়, দীর্ঘ প্রতীক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রমাণের আরেকটি সুযোগ। কঠিন কন্ডিশন, ভিন্ন আবহাওয়া এবং ঐতিহাসিক প্রেক্ষাপট সব মিলিয়ে আগস্টের সিরিজটি হতে যাচ্ছে বিশেষ এক অধ্যায়।

আর এদিকে বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হবে অস্ট্রেলিয়ার ব্যস্ত ১২ মাস। এই সময়ে চার মহাদেশে ২০টি টেস্ট খেলার সূচি রয়েছে তাদের, যার মধ্যে রয়েছে ভারতে বর্ডার-গাভাস্কার ট্রফি, এমসিজিতে ১৫০তম বর্ষপূর্তি টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠলে একটি অতিরিক্ত টেস্টও খেলতে হতে পারে।