বাংলাদেশ ম্যাচে মেজাজ হারিয়ে শাস্তি পেলেন সালমান আগা

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রানআউট হওয়ার পর মেজাজ হারিয়ে ফেলেছিলেন পাকিস্তানের ব্যাটার সালমান আলি আগা। আউট হয়ে মাঠ ছাড়ার সময় তিনি গ্লাভস ও হেলমেট ছুড়ে ফেলেন এবং প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন।
এই আচরণের কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। ম্যাচ শেষে সালমানকে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইসিসি শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলে জানা গেছে।
মাঠে ও মাঠের বাইরে আচরণবিধি ভঙ্গের তিনটি ঘটনার জন্য এই শাস্তি দেওয়া হয়—আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, প্রতিপক্ষ খেলোয়াড়দের উদ্দেশে আপত্তিকর মন্তব্য এবং মাঠ ছাড়ার সময় গ্লাভস ও হেলমেট ছুড়ে ফেলা। তবে সালমান নিজের ভুল স্বীকার করায় এ বিষয়ে আলাদা কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ঘটনাটি ঘটে পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে। মেহেদী হাসান মিরাজের বলে মোহাম্মদ রিজওয়ান রক্ষণাত্মক শট খেললে বলটি মিরাজের কাছেই ফিরে আসে। তখন ক্রিজের বাইরে থাকা সালমান বলটি এগিয়ে দিতে চাইলেও দ্রুত বল কুড়িয়ে স্টাম্প ভেঙে দেন মিরাজ। থার্ড আম্পায়ার রিপ্লে দেখে সালমানকে আউট ঘোষণা করেন।
এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মাঠ ছাড়ার সময় ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের এই ব্যাটার।
পরে বিষয়টি নিয়ে সালমান বলেন, খেলায় স্পোর্টসম্যানশিপ থাকা উচিত। তার ভাষ্য, ‘মিরাজ যা করেছে তা নিয়মের মধ্যেই আছে। সে যদি মনে করে এটি ঠিক, তাহলে সেটাই ঠিক। তবে আমার দৃষ্টিতে হলে আমি অন্যভাবে করতাম। আমি স্পোর্টসম্যান স্পিরিটকেই প্রাধান্য দিতাম। আমরা আগে এমন কিছু করিনি, ভবিষ্যতেও করব না।’