শ্রীলঙ্কা সিরিজেও বুমরাহকে পাচ্ছে না ভারত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও তারকা বোলার জাসপ্রিত বুমরাহকে পাচ্ছে না ভারত। বাঁ হাঁটুর অস্বস্তি পুরোপুরি না কাটায় তারকা পেসারকে নিয়ে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ।
শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ভারতীয় দলে বুমরাহকে রাখা হয়েছিল ফিটনেস ছাড়পত্র পাওয়ার শর্তে। তবে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে সর্বশেষ পর্যবেক্ষণের পরও তার হাঁটুতে অস্বস্তি পাওয়া গেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বুমরাহকে দ্রুত মাঠে ফেরালে চোট আরও গুরুতর হয়ে উঠতে পারে। সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার পর তাকে সম্পূর্ণ সুস্থ হওয়ার সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তার খেলার সম্ভাবনা নেই।
বুমরাহর ছিটকে যাওয়ার বিষয়ে বিসিসিআই এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তার পরিবর্তে ভারতীয় দলে নতুন কাউকে নেওয়া হবে কি না, সেটিও এখনো জানানো হয়নি।
আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। দলের প্রধান পেসারকে না পাওয়ায় শ্রীলঙ্কার কন্ডিশনে ভারতের বোলিং পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হতে পারে।
.png)

