ঋণ, জেল আর বাবার ত্যাগে গড়া মুকুলের আইপিএল স্বপ্ন
-1775814036-11206_1775814135.webp)
আইপিএলে কলকাতার বিপক্ষে ঝড় তুলে আলোচনায় উঠে আসা ভারতীয় ব্যাটার মুকুল চৌধুরীর গল্পটা শুধু ক্রিকেট নয়, এক পরিবারের দীর্ঘ লড়াইয়ের গল্পও। কলকাতার বিপক্ষে ২৭ বলে ৫৪ রানের ইনিংস দিয়ে ম্যাচ জেতানোর পর ক্রিকেট দুনিয়ায় লাইমলাইটে আসা এই তরুণ সবার আগে মনে করেছেন তার বাবার সংগ্রামের কথা।
মুকুলের বাবা দালিপ চৌধুরী ছেলেকে বিয়ের আগেই ক্রিকেটার বানানোর স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্ন পূরণ করতে গিয়ে তাকে দিতে হয়েছে অনেক বড় মূল্য।
ছেলের প্রশিক্ষণের খরচ জোগাতে নিজের বাড়ি বিক্রি করেন দালিপ। তাতেও শেষ হয়নি সংগ্রাম। পরে ব্যবসা শুরু করতে ঋণ নেন, কিন্তু কিস্তি পরিশোধ করতে না পারায় তাকে জেলও খাটতে হয়।
দালিপের ভাষায়, তিনি কখনো প্রতারণা করেননি, শুধু সময়মতো টাকা শোধ করতে পারেননি। এই সময় আত্মীয়স্বজনও পাশে দাঁড়াননি। বরং তাকে পাগল বলে কটাক্ষ করা হয়েছে। কিন্তু তাতেই আরও দৃঢ় হয়েছেন তিনি।
ছেলের প্রথম দিকের ব্যর্থতাও তাকে ভেঙে দেয়নি। আগের ম্যাচে সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশ ছিল মুকুল। বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিল, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে। সেটাই করে দেখিয়েছে।
আইপিএলে লখনউয়ের হয়ে এটি ছিল মুকুলের তৃতীয় ম্যাচ। আগের দুই ম্যাচে বড় কিছু করতে না পারলেও এবার সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন।
মুকুল ইতিমধ্যেই জানিয়েছেন, আইপিএল থেকে পাওয়া অর্থ দিয়ে বাবার ঋণ শোধ করাই এখন তার প্রধান লক্ষ্য।
একটি ইনিংস অনেক সময় শুধু ম্যাচ জেতায় না, বদলে দেয় একটি পরিবারের গল্প—মুকুলের ইনিংসকেও সে কাতারেই ফেলা যায়।