ভারতের সামনে কঠিন সমীকরণ, তবু ফাইনালের আশা ছাড়ছেন না দ্রাবিড়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশেরও পেছনে নেমে গেছে ভারত। তৃতীয়বারের মতো ফাইনালে উঠতে এখন বাকি আট টেস্টের প্রায় ছয়টিতেই জিততে হতে পারে শুভমান গিলের দলকে। পথটা কঠিন হলেও ভারতকে এখনই হিসাবের বাইরে রাখতে রাজি নন দেশটির সাবেক কোচ রাহুল দ্রাবিড়।
২০২৫-২৭ চক্রের পয়েন্ট তালিকায় বর্তমানে ভারতের অবস্থান পঞ্চম। শীর্ষ দুই দল আগামী বছর ফাইনাল খেলবে। চলমান শ্রীলঙ্কা টেস্টের পর ভারতের সামনে রয়েছে নিউজিল্যান্ডের মাটিতে দুটি এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি টেস্ট।
জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে দ্রাবিড় বলেন, ‘আমি আশা করছি তারা পারবে। এই অবস্থান থেকে ভারত ফাইনালে উঠতে পারলে সেটি অসাধারণ এক প্রত্যাবর্তন হবে।’
পয়েন্ট তালিকায় ভারত কিছুটা পিছিয়ে পড়েছে, সেটিও স্বীকার করেছেন দেশটির সাবেক অধিনায়ক। তবে দলের সামর্থ্যের কারণে তাদের বাদ দেওয়ার সুযোগ দেখছেন না তিনি।
দ্রাবিড় বলেন, ‘তারা একটু পিছিয়ে পড়েছে। কিন্তু ভারতীয় দলের যে মান, তাতে কোনো পর্যায়েই তাদের হিসাবের বাইরে রাখা যায় না। শ্রীলঙ্কার বিপক্ষে তারা ভালোভাবে শুরু করেছে। সেটি প্রথম ইতিবাচক পদক্ষেপ।’
দুই ম্যাচের সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে ভালো অবস্থানে আছে সফরকারীরা। তবে অক্টোবরে নিউজিল্যান্ড সফরকে গিলদের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখছেন দ্রাবিড়।
নিউজিল্যান্ডের কন্ডিশনে ভারতের বর্তমান দলের অনেক ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা নেই। এর সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারার মতো অভিজ্ঞদের অনুপস্থিতি পরিস্থিতি আরও কঠিন করে তুলতে পারে।
দ্রাবিড় বলেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে খেলা সব সময়ই কঠিন। দল হিসেবে তারা নিজেদের মাঠে খুব শক্তিশালী। ভারতের অনেক তরুণ ক্রিকেটার ওই কন্ডিশনে খেলেনি। তাই এটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আশা করছি আগামী কয়েক মাস সবাই ফিট থাকবে এবং বড় কোনো চোটের সমস্যা হবে না। বিরাট, রোহিত, রাহানে ও পূজারার অভিজ্ঞতা আমরা হারিয়েছি। গত সফরে তাদের অনেকেই সেখানে ছিল।’
নিউজিল্যান্ড সফরের পর আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেও কঠিন লড়াইয়ের আভাস দিয়েছেন দ্রাবিড়। বর্তমান প্রজন্মের অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ভারতে টেস্ট সিরিজ জিততে না পারায় এবার বাড়তি তাড়না নিয়ে মাঠে নামবে বলে মনে করেন তিনি।
দ্রাবিড় বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজটি দারুণ হবে। তাদের অনেক ক্রিকেটার ভারতে ভালো করতে মরিয়া থাকবে। অসাধারণ একটি প্রজন্মের অস্ট্রেলিয়ান দল এটি, কিন্তু তারা ভারতে সিরিজ জিততে পারেনি। তাই এবার সেই লক্ষ্য পূরণে তারা উদ্গ্রীব থাকবে।’



