বিশ্বকাপ বিতর্কে মুখ খুললেন জয় শাহ

সম্প্রতি অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বিভিন্ন বিতর্কের প্রেক্ষাপটে প্রথমবারের মতো মুখ খুলেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ। তিনি বলেছেন, কোনো দেশ বা দলই আইসিসির চেয়ে বড় নয় এবং কোনো একক দল একটি সংস্থাকে প্রতিনিধিত্ব করে না।
মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জয় শাহ বলেন, বিশ্বকাপ শুরুর আগে টুর্নামেন্ট আয়োজন এবং কিছু দলের অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রতিযোগিতা সফলভাবেই আয়োজন করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, ‘এই আইসিসি বিশ্বকাপটি খুব গুরুত্বপূর্ণ ছিল। টুর্নামেন্ট শুরুর আগে অনেক আলোচনা হচ্ছিল—কিছু দল খেলবে কি না এবং বিশ্বকাপ আদৌ আয়োজন করা যাবে কি না। আইসিসির চেয়ারম্যান হিসেবে আমি বলতে চাই, কোনো দলই সংগঠনের চেয়ে বড় নয় এবং কোনো একক দল একটি সংগঠনকে তৈরি করে না। সব দল মিলেই একটি সংগঠন গড়ে ওঠে।’
বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। একই সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ, পাকিস্তান ম্যাচটি বর্জনের হুমকি দিয়েছিল।
তবে এসব জটিলতার মধ্যেও বিশ্বকাপ দর্শকসংখ্যার দিক থেকে নতুন রেকর্ড গড়েছে বলে জানিয়েছেন জয় শাহ। তার ভাষ্য অনুযায়ী, এবার প্রথমবারের মতো একসঙ্গে ৭.২ মিলিয়ন দর্শক ম্যাচ দেখেছেন এবং সামগ্রিক দর্শকসংখ্যাও অতীতের সব রেকর্ড ভেঙেছে।
সহযোগী দেশগুলোর পারফরম্যান্সেরও প্রশংসা করেন আইসিসি চেয়ারম্যান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে, নেদারল্যান্ডস পাকিস্তানকে চাপে ফেলেছে, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং নেপাল ইংল্যান্ডকে কঠিন লড়াইয়ে ফেলেছিল। এসব পারফরম্যান্স সহযোগী দেশগুলোর অগ্রগতিরই প্রমাণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীরও। তাদের উদ্দেশ্যে জয় শাহ বলেন, শীর্ষে ওঠা যেমন কঠিন, তেমনি শীর্ষ থেকে নিচে নেমে যেতে সময় লাগে না। তাই ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা জরুরি।
তিনি বলেন, ‘শীর্ষে ওঠার জন্য অনেক বছর সময় লাগে, কিন্তু সেখান থেকে নিচে নেমে যেতে কয়েক মাসই যথেষ্ট। তাই পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে।’
২০১৯ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিসিসিআইয়ের সচিব ছিলেন জয় শাহ। পরে তিনি আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেন। তার সময়ে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক শিরোপা জিতেছে।
সূত্র: ক্রিকবাজ