Advertisement

২৩ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ

এশিয়া পোস্ট স্পোর্টস
২৩ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: বিসিবি

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল ২০০৩ সালে। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা শেষে আবার সেখানে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে জাতীয় দল। শুক্রবার রাতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দলের প্রথম বহর ঢাকা ছেড়েছে।

রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেন ক্রিকেটার ও কোচিং স্টাফ মিলিয়ে ১৭ জন। প্রথম বহরে ক্রিকেটার আছেন পাঁচজন। শান্ত ছাড়াও গেছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

তাদের সঙ্গে প্রধান কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, স্পিন কোচ মুশতাক আহমেদ এবং দলের অন্যান্য সাপোর্ট স্টাফও রয়েছেন। স্কোয়াডের বাকি ক্রিকেটার ও কর্মকর্তারা পৃথক ফ্লাইটে অস্ট্রেলিয়া গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

ডারউইনে পৌঁছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ শুরু করবেন শান্তরা। মূল সিরিজের আগে ৬ থেকে ৮ আগস্ট মারারা ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দলের সমঝোতায় ম্যাচটি হবে ১৩ জনের দল নিয়ে। তাই এটি প্রথম শ্রেণির ম্যাচ হিসেবে স্বীকৃতি পাবে না।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশে রাখা হয়েছে স্যাম কনস্টাস, কার্টিস প্যাটারসন ও জশ ফিলিপের মতো আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা খেলোয়াড়দের।

ডারউনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে প্রতিদিনের খেলা। এরপর ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ২২ আগস্ট শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ওই ম্যাচও শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

দুই ম্যাচের সিরিজটি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে সেই দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজে দুটিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল খালেদ মাহমুদের দল। এরপর ২০০৮ সালে ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গেলেও সেখানে আর টেস্ট খেলা হয়নি বাংলাদেশের।

দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০১৭ সালে বাংলাদেশে। মিরপুরে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েছিল স্বাগতিকেরা। চট্টগ্রামে পরের ম্যাচ জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল অস্ট্রেলিয়া।

প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।