Advertisement

র‍্যাঙ্কিংয়ে এক লাফে ২৩০ ধাপ এগোলেন বৈভব

এশিয়া পোস্ট স্পোর্টস
র‍্যাঙ্কিংয়ে এক লাফে ২৩০ ধাপ এগোলেন বৈভব
বৈভব সূর্যবংশী। ছবি: আইসিসি

বয়স মাত্র ১৫ বছর। এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অবস্থান শক্ত করতে শুরু করেছেন বৈভব সূর্যবংশী। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত সিরিজের পুরস্কার হিসেবে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ এগিয়েছেন ভারতের এই কিশোর সেনসেশন।

আইসিসির প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ৪৮তম স্থানে উঠে এসেছেন বৈভব। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই টি-টোয়েন্টি ব্যাটারদের সেরা ৫০-এ জায়গা করে নিলেন বাঁহাতি এই ওপেনার।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৫০ দশমিক ৩৩ গড়ে ১৫১ রান করেন বৈভব। প্রথম ম্যাচে ১৯ বলে অর্ধশতক করার পর শেষ ম্যাচে খেলেন ৪৯ বলে ৮১ রানের ইনিংস। তার ব্যাটে ভর করে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো সিরিজসেরার পুরস্কারও জেতেন তিনি।

সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে ছিলেন বৈভব। তিন ম্যাচের পারফরম্যান্স তাকে একবারে ২৩০ ধাপ ওপরে তুলে দিয়েছে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৫৩৬।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও রয়েছে ভারতের দখলে। ৯১০ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন ঈশান কিষান। জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচের পর তার রেটিং উঠেছিল ৯১৬-তে, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে কোনো ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ রেটিং।

ঈশানের চেয়ে বেশি রেটিং পেয়েছেন কেবল ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ডেভিড মালান। অভিষেকের সর্বোচ্চ রেটিং ৯৩১ এবং মালানের ৯১৯। ঈশানের পেছনে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সাহিবজাদা ফারহানের রেটিং ৮৪৮।

হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ভারতের আরও কয়েকজন ক্রিকেটার এগিয়েছেন। দুই ধাপ উঠে ব্যাটারদের তালিকায় ষষ্ঠ স্থানে এসেছেন তিলক ভার্মা। সাত ধাপ এগিয়ে শ্রেয়াস আইয়ারের অবস্থান এখন ২৪তম। বোলারদের মধ্যে ৩১ ধাপ এগিয়ে ৪১তম স্থানে উঠেছেন রবি বিষ্ণোই।

ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে না পারায় এক নম্বর স্থান হারিয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। তৃতীয়বারের মতো ওয়ানডে ব্যাটারদের শীর্ষে উঠলেন গিল।