অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন বাভুমা

সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত ডিসেম্বরে। প্রায় নয় মাস পর আবার এই সংস্করণের দলে ফিরলেন টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তার হাতেই থাকছে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব। ফিরেছেন আরও কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার, তবে চোটের কারণে নেই কাগিসো রাবাদা।
সোমবার (৭ সেপ্টেম্বর) তিন ম্যাচের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। বাভুমা সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৫ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে।
বাভুমার চেয়েও দীর্ঘ অপেক্ষা শেষ হচ্ছে জেরাল্ড কোয়েৎজির। এই পেসার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে। প্রায় তিন বছর পর আবার সুযোগ পেলেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে।
নামিবিয়ার বিপক্ষে বিশ্রামে থাকা এইডেন মার্করাম, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি ও করবিন বশও ফিরেছেন। তাদের নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিজ্ঞ একটি দলই নামাচ্ছে স্বাগতিকরা।
তবে পেস আক্রমণে রাবাদাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তিনি। এরপরের টেস্ট সিরিজের আগে তার সুস্থ হয়ে ওঠার আশা রয়েছে। রাবাদার অনুপস্থিতিতে কোয়েৎজি, এনগিডি, অটনিয়েল বার্টম্যান ও কোয়েনা মাফাকাদের ওপর বাড়তি দায়িত্ব থাকবে।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। সেই আসরের প্রস্তুতিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ গুরুত্বপূর্ণ হবে দুই দলের জন্য।
দক্ষিণ আফ্রিকার দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, করবিন বশ, ম্যাথু ব্রিটজকে, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটুইন, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস।


-0c109f.webp)