logo
Advertisement

বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ হয়েও টিকে গেলেন লাবুশেন

বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ হয়েও টিকে গেলেন লাবুশেন
মার্নাস লাবুশেন। ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে তিন ইনিংসে রান মাত্র ৩৬। এরই মধ্যে ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন মার্নাস লাবুশেন। তবে ওয়ানডেতে বাদ পড়লেও টেস্ট দলে তার ওপর ঠিকই আস্থা রাখলেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ১৬ জনের দলে জায়গা ধরে রেখেছেন এই ব্যাটসম্যান।

Advertisement

গত মাসে বাংলাদেশের বিপক্ষে লাবুশেনের তিন ইনিংসের রান ছিল ১, ৩১ ও ৪। তার রানখরা অবশ্য আরও দীর্ঘ। সর্বশেষ টেস্ট সেঞ্চুরিটি করেছেন ২০২৩ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ৪৩ ইনিংসে তার ব্যাটিং গড় মাত্র ২৪.৬৯।

বাংলাদেশের সঙ্গে ঘরের মাঠে টেস্ট সিরিজ ১–১ সমতায় শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার দলে পরিবর্তনের আলোচনা ছিল। বিশেষ করে চাপে ছিলেন লাবুশেন। তবে ম্যাকে টেস্টের দল থেকে বড় পরিবর্তনের পথে হাঁটেননি নির্বাচকেরা। সেই দলের সঙ্গে যোগ হয়েছেন কুপার কনোলি, ম্যাথু কুনেমান ও মাইকেল নেসার।

ট্রাভিস হেডের উদ্বোধনী সঙ্গী হিসেবে টিকে গেছেন ম্যাথু রেনশও। ডারউইনে বাংলাদেশের কাছে হারের পর জ্যাক ওয়েদারাল্ডের জায়গায় ম্যাকে টেস্টে সুযোগ পেয়েছিলেন তিনি। ফেরার ম্যাচে একমাত্র ইনিংসে আট রান করলেও দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর ওপরই ভরসা রাখা হয়েছে।

দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘প্রতিটি টেস্ট এবং সম্ভাব্য ভিন্ন কন্ডিশনের জন্য এই দলে ভারসাম্য ও বিকল্প রাখা হয়েছে।’ চোট কাটিয়ে ফেরা নেসার পেস আক্রমণে শক্তি বাড়াবেন। আর নাথান লায়নের সঙ্গে বাড়তি স্পিন বিকল্প হিসেবে থাকছেন বাঁহাতি কুনেমান।

২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারির পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ৯ অক্টোবর ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ১৮ অক্টোবর গেবেরহায়, তৃতীয় ও শেষ টেস্ট ২৭ অক্টোবর কেপটাউনে।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বেউ ওয়েবস্টার।