ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ করল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি; আর এখানে মূল কলকাঠি নেড়েছে বিসিসিআই। অপ্রকাশিত এই সত্যকে কাউন্টার দিতেই পাকিস্তান নেয় কঠোর সিদ্ধান্ত। বিশ্বকাপ খেললেও ওরা বয়কট করবে ভারত ম্যাচ। আর এতেই মাথায় হাত আইসিসি-ভারত এবং শ্রীলঙ্কার। কারণ এই ম্যাচের ওপরই যে আছে কোটি কোটি ডলারের সমীকরণ।
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতির অঙ্কটা দাঁড়াবে ছয় হাজার কোটি টাকারও বেশি। তাইতো শুরুতে ব্যাক চ্যানেলে পাকিস্তানের সঙ্গে নেগোসিয়েশনের চেষ্টা করে আইসিসি, কোনো আশানুরূপ ফল না পেয়ে ওরা শ্রীলঙ্কাকে দিয়ে অনুরোধ করায় পিসিবিকে। কিন্তু কোনো কিছুতেই যখন রাজি করানো যাচ্ছে না পাকিস্তানকে, তখন অনেকটা বাধ্য হয়েই ওই ম্যাচের টিকিট বিক্রি বন্ধ করল আইসিসি।
১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের মহারণ। ম্যাচটির জন্য প্রথম পর্বে যে টিকিট ছাড়া হয়েছিল তা কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। অনেক সমর্থক অপেক্ষা করছিলেন দ্বিতীয় পর্বের জন্য। বিমান এবং হোটেলও বুক করেছিলেন অনেক সমর্থক। কিন্তু আইসিসি এবার জানিয়ে দেয় দ্বিতীয় পর্বে আর বিক্রি হবে না ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট।
জানা গেছে, আইসিসি পাকিস্তান সরকার কিংবা পিসিবি থেকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পূর্ণ নিশ্চয়তা না পেলে এই ম্যাচের টিকিট আর বিক্রি করবে না। কারণ আইসিসি আর নিজেদের আর্থিক ক্ষতি বাড়াতে চায় না। তবে পাকিস্তানের এই বয়কট ইস্যুতে আইসিসিও এখনই যেতে চায় না হার্ড লাইনে। সংস্থাটি শেষ মুহূর্ত পর্যন্ত পাকিস্তানকে রাজি করানোর চেষ্টা চালাবে। এমনকি পাকিস্তানকে বিশেষ কোনো একটা ফেভার দিয়ে তাদের মুখরক্ষা করে হলেও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য রাজি করাতে চায় আইসিসি।