logo

চোটে পুরো সিরিজ শেষ লিটনের, জ্বরে মাঠের বাইরে মিরাজও

চোটে পুরো সিরিজ শেষ লিটনের, জ্বরে মাঠের বাইরে মিরাজও
লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ছবি: বিসিবি

ত্রিদেশীয় সিরিজ শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন নতুন ওয়ানডে অধিনায়ক লিটন দাস। শুধু লিটনই নন, জ্বরে আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারছেন না মেহেদী হাসান মিরাজও। ফলে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই সিরিজ শুরু করতে হচ্ছে বাংলাদেশকে।

শনিবার (১৭ অক্টোবর) আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের টসের সময়ই লিটনের চোটের খবর জানান সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম নিশ্চিত করেন, পুরো ত্রিদেশীয় সিরিজেই খেলা হবে না লিটনের।

বিসিবির ফিজিও জানান, শুক্রবার ডান নিতম্বের সংযোগস্থলে অস্বস্তি অনুভব করেন লিটন। এরপর তার এমআরআই করানো হলে কিছু সমস্যা ধরা পড়ে। শনিবার ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় অংশ নিলেও প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার।

বায়েজীদ বলেন, ‘গতকাল ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিল লিটন। এরপর এমআরআই করানো হলে রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। আজ ফিটনেস টেস্ট দেওয়ার চেষ্টা করেছিল সে, তবে নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে পারেনি।’

এই সিরিজ দিয়েই বাংলাদেশের পূর্ণ মেয়াদের ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরুর কথা ছিল লিটনের। শুক্রবার অন্য দুই দলের অধিনায়কের সঙ্গে ট্রফি উন্মোচনে অংশ নিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা ও শিরোপা জয়ের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন। কিন্তু শেষ মুহূর্তের চোটে মাঠে নামাই হলো না তাঁর।

লিটনের পাশাপাশি অসুস্থতার কারণে প্রথম ম্যাচে নেই মেহেদী হাসান মিরাজও। গত তিন দিন ধরে জ্বরে ভুগছেন এই অলরাউন্ডার। অসুস্থতার কারণে গত দুই দিন দলের অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি। সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে মিরাজ খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

লিটনের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। শনিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

আগামী বুধবার (২১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে সোমবার (১৯ অক্টোবর) মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। তিন দলের প্রতিযোগিতার ফাইনাল আগামী ২৩ অক্টোবর।