দলের আগেই ঢাকায় চলে এলো নিউজিল্যান্ডের ৩ ক্রিকেটার

বাংলাদেশ সফরকে সামনে রেখে ঢাকায় পৌঁছাতে শুরু করেছে নিউজিল্যান্ড দল। শ্রীলঙ্কা সফরে থাকা নিউজিল্যান্ড ‘এ’ দলের তিন ক্রিকেটার সকালে এসে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন।
এই তিনজন হলেন মোহাম্মদ আব্বাস, আদি অশোক ও টিম রবিনসন। শ্রীলঙ্কা থেকে সরাসরি এসে তারা দলের প্রস্তুতিতে যুক্ত হয়েছেন।
দলের বাকি সদস্যরা আজ রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ২২ সদস্যের মূল বহর এসে পৌঁছালে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে প্রস্তুতি শুরু করবে সফরকারীরা।
বাংলাদেশ সফরকে ঘিরে চ্যালেঞ্জের কথা ইতোমধ্যেই তুলে ধরেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। তার ভাষায়, ‘বাংলাদেশে গেলে আমরা জানি, স্পিন বড় একটা ভূমিকা রাখে।’
তিনি আরও বলেন, ‘এই সফরটা রোমাঞ্চকর হবে। এখানে অনেক সুযোগ আছে, বিশেষ করে যাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলনামূলক কম, তাদের জন্য।’
স্কোয়াডে বেশ কিছু নিয়মিত মুখ না থাকায় তুলনামূলক কম অভিজ্ঞদের নিয়েই দল সাজাতে হয়েছে নিউজিল্যান্ডকে। তবে ল্যাথামের বিশ্বাস, ‘পুরো দলটাই কোনো না কোনো ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। এই অভিজ্ঞতাই আমাদের জন্য ইতিবাচক দিক।’
আগামী ১৭ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ২০ এপ্রিল দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৩ এপ্রিল চট্টগ্রামে হবে সিরিজের শেষ ওয়ানডে।
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদি অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), কেটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভিন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।