logo

বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার : পিসিবি সভাপতি

বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার : পিসিবি সভাপতি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হওয়া উত্তেজনার রেশ এবার পাকিস্তানেও ছড়িয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে দেশটির সরকার।

শনিবার (২৪ জানুয়ারি) লাহোরে সংবাদ সম্মেলনে নাকভি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলেই পাকিস্তানের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে জানা যায়, বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি দেশটিকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। এই সিদ্ধান্তকে অন্যায্য ও বৈষম্যমূলক বলে উল্লেখ করেছেন পিসিবি চেয়ারম্যান।

নকভি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা মোটেও ন্যায়সঙ্গত নয়। আইসিসিতে আমি নিজেই বিষয়টি তুলেছি। এক দেশের জন্য এক নিয়ম আর অন্য দেশের জন্য আরেক নিয়ম—এটা চলতে পারে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি পূর্ণ সদস্য রাষ্ট্র। তাদের সঙ্গে এমন আচরণ করা হলে ক্রিকেটের ন্যায্যতা ক্ষতিগ্রস্ত হয়। আমরা বিশ্বাস করি, তাদের যেকোনো মূল্যে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত।

আইসিসির সিদ্ধান্তের পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন নাকভি। তার ভাষায়, এক দেশ আরেক দেশের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। যদি সেটা করার চেষ্টা হয়, তাহলে পাকিস্তান নিজেদের অবস্থান নিতে বাধ্য হবে।

বাংলাদেশ ও পাকিস্তানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আইসিসি যদি পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে আলাদা সুবিধা দিতে পারে, তাহলে বাংলাদেশকেও একই সুবিধা দেওয়া উচিত। আমরা বৈষম্যের বিরুদ্ধে।

বাংলাদেশকে ঘিরে আইসিসির সাম্প্রতিক অবস্থান বিশ্ব ক্রিকেটে বড় ধরনের বিতর্ক তৈরি করেছে। পাকিস্তান সরকার কী সিদ্ধান্ত নেয়, সেটিই এখন নির্ধারণ করবে টুর্নামেন্টের ভবিষ্যৎ চিত্র।