৭০ রানেই ৬ উইকেট নেই পাকিস্তানের

ঢাকায় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বোলিং তোপে বড় বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ১৯ ওভার শেষে ৭০ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।
আগেই টপ অর্ডার ভেঙে দেন পেসার নাহিদ রানা। তার গতির সামনে টিকতে পারেননি পাকিস্তানের একাধিক ব্যাটার। ওপেনার সাহিবজাদা ফারহান, শামিল হুসাইন, মাআজ সাদাকাত এবং মোহাম্মদ রিজওয়ান—চারজনকেই ফিরিয়ে দেন এই তরুণ পেসার। পরে সালমান আলি আগাকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ।
এরপর স্পিন আক্রমণে এসে আরেকটি ধাক্কা দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার বলে রক্ষণাত্মক খেলতে গিয়ে উইকেটকিপার লিটন দাস–এর হাতে ক্যাচ দেন আবদুল সামাদ। শুরুতে আউট দেওয়া হলেও রিভিউ নেন সামাদ, কিন্তু আল্ট্রা এজে স্পষ্ট স্পাইক ধরা পড়ায় সিদ্ধান্ত বহাল থাকে।
বর্তমানে ক্রিজে আছেন হুসেইন তালাত ও ফাহিম আশরাফ তবে পাকিস্তানের মিডল অর্ডার প্রায় ভেঙে পড়েছে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ও ধারাবাহিক আক্রমণের সামনে রান তুলতে বেশ হিমশিম খাচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা।
এখন বাংলাদেশের লক্ষ্য দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ছোট সংগ্রহে থামানো।