logo

পাকিস্তান সরকারের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আফ্রিদির মিশ্র প্রতিক্রিয়া

পাকিস্তান সরকারের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আফ্রিদির মিশ্র প্রতিক্রিয়া

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনে পাকিস্তান সরকারের সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তবে একই সঙ্গে তিনি সরকারের সিদ্ধান্তের প্রতি সমর্থনও জানিয়েছেন এবং বিষয়টি নিরপেক্ষভাবে সমাধানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছেন।

ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় হওয়ার কথা থাকলেও পাকিস্তান সরকার জাতীয় দলকে ওই ম্যাচে মাঠে না নামার নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) আফ্রিদি নিজের অবস্থান তুলে ধরেন।

তার পোস্টে আফ্রিদি লেখেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, রাজনীতি যেখানে দরজা বন্ধ করে দেয়, সেখানে ক্রিকেট নতুন দরজা খুলে দিতে পারে। দুঃখজনকভাবে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না। তবে আমি আমার সরকারের সিদ্ধান্তের পাশে আছি। এখন আইসিসির উচিত কথায় নয়, কাজে প্রমাণ করা যে তারা নিরপেক্ষ, স্বাধীন এবং সব সদস্য দেশের প্রতি ন্যায্য।’

আফ্রিদি অতীতে বহুবার খেলাধুলা ও রাজনীতিকে আলাদা রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। তাই বর্তমান পরিস্থিতিতে তার এই ‘দুঃখ প্রকাশের পাশাপাশি সমর্থন’— দুই ধরনের বার্তা ক্রীড়াঙ্গনে আলোচনা তৈরি করেছে।

এর আগে বিশ্বচ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে ভারত-পাকিস্তান লেজেন্ডস ম্যাচ ঘিরেও আফ্রিদি বিতর্কের কেন্দ্রে ছিলেন। সে সময় ভারতীয় সাবেক ব্যাটার শিখর ধাওয়ান ম্যাচে না খেলায় আফ্রিদি রাজনৈতিক হস্তক্ষেপের সমালোচনা করেছিলেন।

বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সরকারের সিদ্ধান্তকে সমর্থন করলেও আফ্রিদি আবারও স্পষ্ট করেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখা আইসিসির দায়িত্ব। তার মতে, ক্রিকেট বিশ্বকে এগিয়ে নিতে হলে ক্রীড়ার মঞ্চকে রাজনীতির প্রভাবমুক্ত রাখাই সবচেয়ে জরুরি।