logo

বিশ্বকাপের সময় লিটন-শান্তদের জন্য আড়াই কোটি টাকার টুর্নামেন্ট

বিশ্বকাপের সময় লিটন-শান্তদের জন্য আড়াই কোটি টাকার টুর্নামেন্ট

এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না বাংলাদেশকে, তবে সে সময় লিটন-শান্তদের ব্যস্ততা কমছে না। ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া ২০ দলের আসর চলাকালীন দেশের শীর্ষ ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যস্ত রাখার লক্ষ্যে তিন দলের একটি বিশেষ টি–টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে  (বিসিবি)। ‘অদম্য বাংলাদেশ’ নামের এই টুর্নামেন্টে প্রাইজমানি ও ম্যাচ ফি মিলিয়ে মোট অর্থের পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।

বিসিবি সূত্রে জানা গেছে, সরকার থেকেও ক্রিকেটারদের ম্যাচ খেলার বিষয়ে নির্দেশনা ছিল। সেই প্রেক্ষাপটেই এই টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রতিযোগিতা। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি প্রথম পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর শীর্ষ দুই দল ৯ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।

টুর্নামেন্টের সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে থেকে স্টেডিয়ামে সাংস্কৃতিক আয়োজনও থাকবে। দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে গ্যালারি ভেদে—ইস্টার্ন গ্যালারি ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা।

যদিও তিন দলের পূর্ণ স্কোয়াড এখনও চূড়ান্ত হয়নি, তবে দলগুলোর নাম ও অধিনায়কের নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের টি–টুয়েন্টি অধিনায়ক লিটন দাস নেতৃত্ব দেবেন ধূমকেতু একাদশের। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকবেন দুর্বার একাদশের অধিনায়ক। আর দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন আকবর আলী।

কোচিং স্টাফের নামও প্রকাশ করেছে বিসিবি। ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন, তার সহকারী থাকবেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের কোচ করা হয়েছে মিজানুর রহমানকে, সহকারী হিসেবে থাকবেন তুষার ইমরান। আর দুরন্ত একাদশের প্রধান কোচের দায়িত্বে থাকবেন হান্নান সরকার, তার সহকারী রাজিন সালেহ।