পিছিয়ে গেল মেয়েদের বিপিএল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (উইমেন্স বিপিএল) সূচি পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আগে নির্ধারিত এপ্রিলের পরিবর্তে টুর্নামেন্টটি এখন ১০ থেকে ২১ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হবে।
প্রথম আসরের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে—বগুড়া, চট্টগ্রাম ও ঢাকা। তিন দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি আগে ৪ থেকে ১৪ এপ্রিল আয়োজনের পরিকল্পনা ছিল।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দল গঠন, বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানো এবং অন্যান্য প্রস্তুতির জন্য আরও সময় পাওয়া যাবে।
নতুন সূচি আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে ২০২৬ সালের জুনে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই টুর্নামেন্ট হওয়ায় বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগও বাড়বে।
উইমেন্স বিপিএলের প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এছাড়া ম্যাচ হবে চট্টগ্রাম ও ঢাকাতেও। টুর্নামেন্টের ফাইনাল ২১ জুলাই ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড় এবং বাণিজ্যিক অংশীদারদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে বিসিবি।
.png)


-398943.webp)


