বিশ্বকাপ ইস্যুতে সরকার ও বিসিবির সিদ্ধান্তকেই অগ্রাধিকার দিতে চান মেহেদি

বিপিএলের ফাইনালের ঠিক আগের দিনে দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু এখন আর ফ্র্যাঞ্চাইজি লিগ নয়, বরং বাংলাদেশ জাতীয় দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণ। এই টানটান পরিস্থিতির মধ্যে বিশ্বকাপ স্কোয়াডে থাকা অলরাউন্ডার শেখ মেহেদি হাসান জানিয়েছেন, ক্রিকেটারদের উচিত সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে সিদ্ধান্ত নেবে, সেটাকেই সম্মান করা।
বৃহস্পতিবার বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের বৈঠকের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদি নিজের অবস্থান স্পষ্ট করেন।
মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শেষে শেখ মেহেদি বলেন, একজন ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে খেলতে না চাওয়ার প্রশ্নই আসে না। তবে পুরো বিষয়টি যে কেবল খেলোয়াড়দের ইচ্ছার ওপর নির্ভর করছে না, সেটাও তিনি মনে করে দেন।
তার মতে, সরকার ও বোর্ড এই বিষয়ে অভিভাবকের ভূমিকা পালন করছে এবং বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই তারা যে সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নেওয়া উচিত ক্রিকেটারদের।
আইসিসির বোর্ড সভার পর বিশ্বকাপের সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত আসার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানাতে ২৪ ঘণ্টা সময় চেয়েছেন। এই প্রেক্ষাপটেই আজ বিকেল ৩টায় রাজধানীতে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
এই বৈঠকে বিশ্বকাপ স্কোয়াডের সদস্যদের ডাকা হয়েছে বলে জানা গেছে। শেখ মেহেদিও চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক হিসেবে অনুশীলন শেষ করে সরাসরি সেই বৈঠকে যোগ দেবেন।
বৈঠকে কী ধরনের আলোচনা হতে পারে বা কী সিদ্ধান্ত আসতে পারে—সে বিষয়ে আগাম কোনো ধারণা দিতে পারেননি মেহেদি। তিনি জানান, খেলোয়াড়দের আলাদাভাবে মেসেজ দিয়ে বৈঠকের কথা জানানো হয়েছে, তবে আলোচনার মূল বিষয়বস্তু কী হবে, তা বৈঠকে বসার পরই পরিষ্কার হবে।
বিশ্বকাপ নিয়ে এই বৈঠক বাংলাদেশের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের চূড়ান্ত অবস্থান ও ক্রিকেটারদের মতামতের সমন্বয়েই ঠিক হবে—বাংলাদেশ শেষ পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না।