পারফরম্যান্স করেও উপেক্ষিত, তবু শান্ত শামি

জাতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে আলোচনা চললেও নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট বার্তা দিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি। তার কথায়, ক্রিকেটারের কাজ একটাই, মাঠে নেমে নিজের দায়িত্ব পালন করা।
আইপিএলের চলতি আসরে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দারুণ পারফরম্যান্সের পর কলকাতার ইডেন গার্ডেন্সে খেলতে যাওয়ার আগে শামি বলেন, ‘আমরা মজদুর মানুষ, আমাদের কাজ শুধু বল করা।’
সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ২ উইকেট নিয়ে দলকে জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। ১৮টি ডট বলসহ তার বোলিং ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া।
চোট কাটিয়ে ফেরার পর ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক পারফর্ম করছেন শামি। রঞ্জি ট্রফিতে ৩৭ উইকেট নিয়ে শীর্ষ উইকেটশিকারিদের একজন ছিলেন তিনি। সেমিফাইনাল পর্যন্ত যেতে গুরুত্বপূর্ণ অবদানও রাখেন, যার মধ্যে এক ইনিংসে ৮ উইকেট নেওয়ার পারফরম্যান্স ছিল বিশেষভাবে নজরকাড়া।
তবু জাতীয় দলে এখনও ফেরানো হয়নি তাকে। এই প্রসঙ্গে সরাসরি কোনো অভিযোগ না করে বরং নিজের দর্শনটাই তুলে ধরেছেন অভিজ্ঞ এই পেসার। তার মতে, জীবনে ওঠানামা থাকবেই, তবে মূল বিষয় হলো কঠোর পরিশ্রম ধরে রাখা।
শামি বলেন, ‘অনেকেই এখন ফ্যান্সি জিনিসের পেছনে দৌড়ায়, কিন্তু সেটাই দুর্বলতা হয়ে দাঁড়ায়। নিজের মূল জায়গা ভুলে গেলে চলবে না।’
বাংলার সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। উত্তরপ্রদেশে জন্ম হলেও বাংলাকেই নিজের কর্মভূমি হিসেবে দেখেন শামি। তার ভাষায়, যতদিন খেলার সামর্থ্য থাকবে, ততদিন তিনি বাংলার হয়েই খেলতে চান।
.png)
