logo

তামিমের শতকে ভর করে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

তামিমের শতকে ভর করে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে লড়াইয়ের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

ইনিংসের মূল নায়ক ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ১০৭ বলে ১০৭ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা। এটি তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার তামিম ও সাইফ হাসান। দুজন মিলে গড়েন ১০৫ রানের উদ্বোধনী জুটি, যা বাংলাদেশকে মজবুত ভিত এনে দেয়। শেষ পর্যন্ত পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সাইফকে আউট করে এই জুটি ভাঙেন। সাইফ ৫৫ বলে ৩৬ রান করেন।

এরপর তামিমের সঙ্গে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে আরও একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ১৫০ রানের ওপরে নিয়ে যান। শান্ত ৩৪ বলে ২৭ রান করার পর হারিস রউফের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন।

অন্য প্রান্তে তামিম ব্যাটিংয়ের গতি ধরে রাখেন এবং শেষ পর্যন্ত নিজের শতক পূর্ণ করেন। তবে ৩৬তম ওভারে আবরার আহমেদ তাকে আউট করলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৯৪/৩।

শেষের দিকে লিটন দাস ও তাওহিদ হৃদয় দলের রান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুজন মিলে ৬৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে ২৫০ পেরিয়ে যেতে সাহায্য করেন। লিটন ৫১ বলে ৪১ রান করে হারিস রউফের শিকার হন।

শেষদিকে রউফ আবার আঘাত হেনে রিশাদ হোসেনকে শূন্য রানে বোল্ড করেন। তবে অপরপ্রান্তে তৌহিদ হৃদয় ৪৪ বলে অপরাজিত ৪৮ রান করে দলের স্কোর ২৯০ পর্যন্ত নিয়ে যান। আফিফ হোসেন করেন ৫ রান।

পাকিস্তানের হয়ে হারিস রউফ ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি ১০ ওভারে ৫২ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া শাহিন আফ্রিদি ও আবরার আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

তিন ম্যাচের সিরিজ বর্তমানে ১–১ সমতায় থাকায় এই ম্যাচই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ২৯১ রান।