logo

দুই তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ

দুই তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি: গেটি ইমেজ

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। চোটের ঝুঁকি বিবেচনায় বিশ্রাম দেওয়া হয়েছে পেসার আলজারি জোসেফকে। অন্যদিকে আগামী বছরের বিশ্বকাপ বাছাইপর্বের কথা মাথায় রেখে দলের বাইরে রাখা হয়েছে অভিজ্ঞ ব্যাটার শাই হোপকে। এই দুজনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঘোষিত দলে অধিনায়ক হিসেবে থাকছেন রস্টন চেজ। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্পিনার জোমেল ওয়ারিক্যান। জোসেফের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কিমো পল। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহ্যাম।

জোসেফকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পর তার ওপর চাপ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা দুটি টেস্টে দীর্ঘ সময় উচ্চগতিতে বোলিং করলে চোটের ঝুঁকি বেড়ে যেতে পারে। সেই আশঙ্কা থেকেই আপাতত তাকে লাল বলের ক্রিকেট থেকে দূরে রাখা হচ্ছে।

তবে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে জোসেফের খেলার সম্ভাবনা উড়িয়ে দেয়নি ক্যারিবীয় বোর্ড। পুরোপুরি প্রস্তুত হয়ে টেস্ট ক্রিকেটে ফিরতে চিকিৎসক ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে কাজ চালিয়ে যাবেন ২৯ বছর বয়সী এই পেসার।

অন্যদিকে তিন সংস্করণে টানা খেলার ধকল কাটাতে বিশ্রাম দেওয়া হয়েছে হোপকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আগে তাকে সতেজ রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সে কারণেই বাংলাদেশ সফরে থাকছেন না সাদা বলের ক্রিকেটে দলটির অধিনায়ক।

দলে নতুন মুখ উইকহ্যাম ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। ২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে টানা তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে তাঁর সেঞ্চুরি ছয়টি। এ ছাড়া হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে খেলতে পারেননি তিনি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজটি চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ওয়েস্ট ইন্ডিজের শেষ লড়াই। পয়েন্ট তালিকায় বর্তমানে অষ্টম স্থানে থাকা দলটির লক্ষ্য শেষটা ভালোভাবে করা।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেন, ‘এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতেই আমরা কিছু লক্ষ্য ঠিক করেছিলাম। তার একটি ছিল পয়েন্ট তালিকার ওপরের অর্ধেকে থাকা। এই সিরিজ জিততে পারলে সেই লক্ষ্যের আরও কাছে যেতে পারব। নিজেদের কন্ডিশনে বাংলাদেশের বিপক্ষে খেলা কঠিন হবে। তবে আমরা প্রস্তুত।’

আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।