লিটনের আস্থায় আগ্রাসী ক্রিকেট খেলছেন শামীম

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির আগে নিজের ব্যাটিং স্বাধীনতা ও দলের আক্রমণাত্মক মানসিকতা নিয়ে কথা বলেছেন শামীম হোসেন। তার মতে, টি-টোয়েন্টিতে বড় ম্যাচ জিততে হলে ইতিবাচক ও সাহসী ক্রিকেট খেলতেই হবে বাংলাদেশকে। ব্যাটিংয়ে স্বাধীনতা দেওয়ার জন্য অধিনায়ক লিটন দাসকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং ভাবনা নিয়ে শামীম জানান, ক্রিজে গেলে তিনি সবসময় ইতিবাচক চিন্তা নিয়েই ব্যাট করেন। সুযোগ পেলেই আক্রমণ করতে চান। টি-টোয়েন্টিতে দ্রুত রান তোলাই তার মূল পরিকল্পনা।
শামীম বলেন, ‘আমি যখন ব্যাটিংয়ে যাই, সবসময় পজিটিভ চিন্তা নিয়ে যাই। মনে থাকে, মারার বল পেলে মেরে দেব। আমি যদি একটু চালু খেলতে পারি, সেটা দলের জন্য ভালো।’
প্রথম ম্যাচে তার একটি ইম্প্রোভাইজিং শট নিয়ে প্রশ্ন করা হলে শামীম জানান, শটটির নির্দিষ্ট কোনো নাম তিনি জানেন না। তবে এমন শট তিনি নিয়মিত অনুশীলন করেন। ফিল্ডিং সেটআপ বুঝে ব্যাটিংয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করেন বলেও জানান বাঁহাতি এই ব্যাটার।
তিনি বলেন, ‘শটের নামটা আমি জানি না। সত্যি বলতে, আমি নেটে এগুলো প্র্যাকটিস করি। ইম্প্রোভাইজিং শট খেলতে আমার ভালো লাগে, তাই এগুলো বেশি অনুশীলন করি।’
ব্যাটিংয়ে স্বাধীনতা পাওয়ার পেছনে অধিনায়ক লিটন দাসের ভূমিকার কথাও তুলে ধরেছেন শামীম। তার মতে, একজন অধিনায়ক হিসেবে লিটন তাঁকে যথেষ্ট সমর্থন দিচ্ছেন এবং নিজের স্বাভাবিক খেলা খেলতে বলছেন।
শামীম বলেন, ‘লিটন ভাইকে অনেক ধন্যবাদ দেব। একজন অধিনায়ক হিসেবে যেটা দরকার, তিনি সেটা করেছেন। আমাকে ব্যাক করেছেন। সবসময় ফ্রি খেলার কথা বলেন।’
বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়া নিয়ে শামীমের মন্তব্য, আবহাওয়ার ওপর কারও হাত নেই। তবে সিরিজ জয়ের সুযোগ এখনও বাংলাদেশের সামনে আছে, সেটিই কাজে লাগাতে চায় দল।
তিনি বলেন, ‘বৃষ্টির ওপর তো আমাদের হাত নেই। এটা ব্যাডলাক। তবে সিরিজ জেতার ভালো সুযোগ আছে। আমরা অবশ্যই সিরিজ জিততে চাই।’
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক উন্নতির কথাও বলেছেন শামীম। তার মতে, গত কয়েকটি সিরিজে ভালো করার ফলে দলের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। বিশ্বকাপ মিস করার হতাশা থাকলেও সেটি পেছনে ফেলে সামনে এগোনোর দিকেই মনোযোগ দলের।
শামীম বলেন, ‘বিশ্বকাপ চলে গেছে, এটা নিয়ে আর ভাবার কিছু নেই। আমরা যেটা ভালো করেছি, আমাদের ইনটেন্ট ধরে রাখতে পেরেছি। পরের ম্যাচেও সেটা ধরে রাখতে চাই।’
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের সিরিজে এখনও ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ১৮২ রান তাড়া করে জয় পায় স্বাগতিকরা। শনিবার (২ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।