ক্যারিয়ার দীর্ঘ করতে টেস্ট খেলা কমাতে চান রশিদ, সমর্থন কোচের

আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খানকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না দল। বিশেষ করে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে তার দীর্ঘমেয়াদি ফিটনেসকে প্রাধান্য দেওয়ার কথাই পরিষ্কার করে দিয়েছেন আফগানদের নতুন প্রধান কোচ রিচার্ড পাইবাস।
পিঠের চোট নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছেন রশিদ। সেই কারণেই সম্প্রতি তিনি নিজেই ইঙ্গিত দিয়েছেন, আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ করতে টেস্ট ক্রিকেটে নিজের অংশগ্রহণ কমিয়ে আনতে চান।
এ অবস্থায় জুনে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কোচ পাইবাস বিষয়টি নিয়ে বলেন, ‘রশিদের ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে হবে তার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে। সামনে ব্যস্ত সূচি আছে, তাই ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, ‘একজন খেলোয়াড়ের শুধু বর্তমান নয়, ভবিষ্যতের কথাও ভাবতে হয়। আমরা চাই না, ক্যারিয়ারে পাওয়া চোটের কারণে পরে তার স্বাভাবিক জীবন ক্ষতিগ্রস্ত হোক।’
রশিদ নিজেও সাম্প্রতিক সময়ে তার অবস্থান পরিষ্কার করেছেন। চিকিৎসকদের পরামর্শের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, টেস্ট ক্রিকেটে অতিরিক্ত চাপ শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই তাকে হিসেব করেই সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেন, ‘আমি নিজেকে প্রস্তুত রাখতে চাই ২০২৭ বিশ্বকাপের জন্য। একটি টেস্ট খেলতে গিয়ে যদি চোট বাড়ে, তাহলে সেটি বড় ক্ষতি হয়ে যেতে পারে।’
পাইবাস জানান, পুরো বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। নির্বাচকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে, রশিদ কোনো ম্যাচে খেলবেন বা আদৌ খেলবেন কি না।
এরই মধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আগামী সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। কাবুলে এক মাসব্যাপী স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্প শুরু হচ্ছে, যেখানে প্রায় ৪০ জন ক্রিকেটার অংশ নেবেন।
১২ এপ্রিল থেকে শুরু হয়ে ১৬ মে পর্যন্ত চলবে এই ক্যাম্প। আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে খেলোয়াড়দের ফিটনেস ও দক্ষতা বাড়ানোই হবে এই প্রস্তুতির মূল লক্ষ্য।