আবেগপ্রবণ হয়ে নিজের বিশেষ স্বপ্নের কথা জানালেন রশিদ

বিশ্বকাপ জয়, একজন ক্রিকেটারের কাছে সবচেয়ে বড় স্বপ্ন। তবে আফগান তারকা রশিদ খান ব্যতিক্রম। আবেগপ্রবণ হয়ে প্রকাশ্যে নিজের বিশেষ স্বপ্নের কথা জানিয়ে দিলেন রশিদ। জানান, বিশ্বকাপ জয়ের চেয়েও বড় স্বপ্ন আফগানিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলা। এমনটি হলে হবেন সবচেয়ে বেশি খুশি। চলমান বিশ্বকাপে রশিদ খানের ভাবনায় কেবল ট্রফি নয়, বরং ক্রিকেটের প্রতি দায়বদ্ধতাই বেশি।
প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রশিদ জানান, মাঠের ফলাফলের চেয়েও নিজেদের সেরাটা দিতে পেরেছে কি না সেটাতেই ফোকাস থাকবে তার দলের। তিনি বলেন, ‘আমরা লক্ষ্য নির্ধারণ করে খেলি না। আমাদের চাওয়া ইতিবাচক ক্রিকেট খেলা এবং প্রতিপক্ষের জন্য ম্যাচ কঠিন করে তোলা। বিশ্বকাপে আমরা কত নম্বরে শেষ করলাম তা নিয়ে আমার মাথাব্যথা নেই, যদি আমাদের চেষ্টা আর এনার্জি শতভাগ থাকে।’
বিশ্বকাপ জয়ের চেয়েও রশিদ খান বেশি খুশি হবেন নিজ দেশের আন্তর্জাতিক ক্রিকেট ফিরলে। আবেগপ্রবণ হয়ে তারকা এই ক্রিকেটার বলেন, ‘সত্যি বলতে, আফগানিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলাটা আমার কাছে বিশ্বকাপ জেতার চেয়েও বড় স্বপ্ন।’
ঘরোয়া কাঠামোর উন্নতিরও প্রত্যাশা করেন রশিদ। জানান, ব্যাটিংয়ে উন্নতি করতে হলে এর বিকল্প নেই।