logo

সাফে চ্যাম্পিয়ন হওয়ায় নারী দলকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

সাফে চ্যাম্পিয়ন হওয়ায় নারী দলকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে শিরোপা জেতা বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঐতিহাসিক এই সাফল্যকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের।’

ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সাবিনা খাতুনদের দল। এই সাফল্য শুধু একটি ট্রফি জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দেশের নারী ক্রীড়ার অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ। এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।’

সাবিনাদের এই অর্জনকে নারী ক্রীড়ার জন্য অনুপ্রেরণাদায়ী উদাহরণ হিসেবে দেখছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। তাদের মতে, এই সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নারী দলগুলোর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।